ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার
অনলাইন ডেস্ক : সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলার তদন্তের অংশ হিসেবে রাজধানী থেকে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার গভীর রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ ও লেফটেন্যান্ট (অব.) গুলশান আরা। সোমবার সকালে তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরাকে গ্রেপ্তার করা হয়েছে। একই মামলার সূত্র ধরে দেবাশীষকেও গ্রেপ্তার করা হয়।
ডিবির সংশ্লিষ্ট সূত্রের দাবি, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের যোগসাজশ থাকার তথ্য পাওয়া গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হতে পারে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।











