ইউপি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে ইসির বৈঠক
অনলাইন ডেস্ক : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি নির্ধারণসহ স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা শুরু হয়।
বৈঠকে নির্বাচন কমিশনের অন্য চার কমিশনার এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সভায় স্থানীয় সরকার পরিষদের নির্বাচন, ইউপি ভোটের সময়সূচি এবং জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রমের প্রশাসনিক ব্যবস্থাপনাসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য রাখা হয়েছে।
ইসি কর্মকর্তাদের তথ্যমতে, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণের বিষয়টিও সভার আলোচ্যসূচিতে রয়েছে। পাশাপাশি পার্সোনালাইজেশন সেন্টারে থাকা যন্ত্রপাতির অবস্থা, রক্ষণাবেক্ষণ, জাতীয় পরিচয়পত্র ছাপানো, বকেয়া বিল পরিশোধ এবং নতুন চুক্তি সম্পাদনসংক্রান্ত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
এ ছাড়া জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫-এর খসড়া অনুমোদন এবং অন্যান্য বিবিধ বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, সোমবারের কমিশন সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হবে। ফলে এ বৈঠকের সিদ্ধান্তের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।











