,

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় কানাডা

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করা এবং অর্থনৈতিক সহযোগিতার পরিধি বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে কানাডা। জ্বালানি, কৃষি, কারিগরি শিক্ষা, খাদ্য নিরাপত্তা, জলবায়ু অর্থায়ন ও দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এ সময় দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারত্ব জোরদারের সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য ও শিক্ষাসহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন খাতে কানাডার সহযোগিতা কামনা করেন। দুই দেশের বিদ্যমান সম্পর্ককে কাজে লাগিয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আলোচনায় বিশেষ গুরুত্ব পায় রোহিঙ্গা সংকট। প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে বর্তমানে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছে। বিপুলসংখ্যক এই জনগোষ্ঠীর দীর্ঘদিনের অবস্থান দেশের অর্থনীতি, সমাজ ও পরিবেশের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।
তিনি বলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ার পাশাপাশি সংকটের স্থায়ী সমাধান নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই। যেহেতু সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই করতে হবে। কানাডার প্রতিমন্ত্রীও রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের প্রয়োজনীয়তার সঙ্গে একমত হন।
জ্বালানি খাতে সহযোগিতার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে। বাংলাদেশে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে অংশীদার হওয়ার আগ্রহ জানিয়েছে কানাডা। বাংলাদেশের পক্ষ থেকেও প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনার কথা জানানো হয়।
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়। পাশাপাশি নার্সিং প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলা এবং দক্ষ নার্স তৈরির উদ্যোগ সম্প্রসারণেও আগ্রহ প্রকাশ করে কানাডা।
কৃষি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে ডাল, তৈলবীজসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন এবং সরবরাহব্যবস্থা উন্নয়নে যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ ছাড়া আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের মাধ্যমে চলমান কার্যক্রম সম্পর্কেও প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।
বৈঠকে সরকারের কৃষক কার্ড কর্মসূচি নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, এ কর্মসূচির আওতায় কৃষকদের সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহের পরিকল্পনা রয়েছে। কৃষকদের তথ্য সংরক্ষণের মাধ্যমে কৃষি খাতে পরিকল্পনা গ্রহণ এবং সরকারি সহায়তা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন। এ ক্ষেত্রে তথ্য ব্যবস্থাপনা ও উপাত্তভিত্তিক পরিকল্পনায় কানাডার অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়টিও আলোচনায় আসে।
সামাজিক সুরক্ষা ও দারিদ্র্য বিমোচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ভর্তুকি ও নগদ সহায়তা কর্মসূচিগুলো সমন্বিত করার পাশাপাশি ফ্যামিলি কার্ড চালু করা গেলে আরও বেশি মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনার সুযোগ তৈরি হবে। বিশ্বব্যাংকের তথ্য উল্লেখ করে তিনি জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে অতিরিক্ত ২৮ লাখ ৫০ হাজার মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব। একই সঙ্গে কর্মসংস্থান ও আয়ের সুযোগ বাড়িয়ে মানুষকে স্বাবলম্বী করে তোলার ওপর সরকারের গুরুত্বের কথা তুলে ধরেন তিনি।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি, খাল খনন এবং ২৫ কোটি বৃক্ষরোপণের মতো উদ্যোগ নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। কানাডার প্রতিমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে বিশ্বব্যাপী জলবায়ু অর্থায়নে ১ হাজার ৩০০ কোটি কানাডীয় ডলার দেওয়ার বিষয়ে তার দেশের আগ্রহ রয়েছে। এই অর্থায়ন থেকে বাংলাদেশের উপকৃত হওয়ার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এ ছাড়া বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আগে সম্ভাব্যতা যাচাই বা ফিজিবিলিটি স্টাডি পরিচালনায় সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করে কানাডা।
কানাডায় বসবাসরত বাংলাদেশি ও বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকদের অবদান এবং কর্মদক্ষতার প্রশংসা করেন রণদীপ সরাই। তিনি জানান, বাংলাদেশি বংশোদ্ভূত দুই ব্যক্তি বর্তমানে কানাডার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাক্ষাতের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কানাডা সফরের আমন্ত্রণ জানান দেশটির প্রতিমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদি আমিন এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। কানাডার পক্ষে দেশটির ঢাকায় নিযুক্ত হাইকমিশনার অজিত সিং ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

মারা গেছেন অভিনেত্রী নাসিমা খান

দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে প্রস্তুত বিএনপি: রিজভী

ইউপি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে ইসির বৈঠক

ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সৌদিতে হামলার পর আতঙ্কে প্রবাসীরা, রেমিট্যান্সে প্রভাবের শঙ্কা

ঢাকা-দাম্মাম রুটে আটকেপড়াদের বিকল্প ব্যবস্থায় সৌদি নেওয়ার উদ্যোগ

নারীর ক্ষমতায়নে পরিবারকে যুক্ত করার তাগিদ ববি হাজ্জাজের

নারী-শিশুর প্রতি সহিংসতায় কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

ব্রেক্সিট গণভোটে রাশিয়ার হস্তক্ষেপের দাবি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

উত্তরায় জি এম কাদেরের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

দিল্লিতে বিক্ষোভের জন্য নতুন তিন স্থান নির্ধারণ

ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, ভোট হবে পাঁচ ধাপে