,

ব্রেক্সিট গণভোটে রাশিয়ার হস্তক্ষেপের দাবি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

news-image

অনলাইন ডেস্ক : ২০১৬ সালে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে অনুষ্ঠিত ব্রেক্সিট গণভোটে রাশিয়া হস্তক্ষেপ করেছিল বলে দাবি করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। একই সঙ্গে ফ্রান্স ও জার্মানির রাজনৈতিক অঙ্গনেও রাশিয়ার অপতথ্য ছড়ানোর তৎপরতা চলছে বলে সতর্ক করেছেন তিনি। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
‘দ্য রেস্ট ইজ পলিটিকস’ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে বার্নহাম বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ২০১৬ সালের গণভোটে রাশিয়ার সম্ভাব্য ভূমিকা সম্পর্কে তিনি জানতে চেয়েছিলেন। তখন তাঁকে জানানো হয়, ওই ভোটে রাশিয়ার হস্তক্ষেপ ছিল।
ব্রিটিশ প্রধানমন্ত্রী মনে করেন, বিদেশি শক্তির মাধ্যমে রাজনৈতিক প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের প্রচেষ্টা সম্পর্কে জনগণকে যথেষ্ট তথ্য দেওয়া হয়নি। তাঁর মতে, এ ধরনের তৎপরতা মোকাবিলায় সরকারের আরও সক্রিয় হওয়া প্রয়োজন।
তবে ব্রেক্সিট গণভোটে রাশিয়া ঠিক কী ধরনের কর্মকাণ্ড চালিয়েছিল কিংবা সেসব তৎপরতা ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলেছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেননি বার্নহাম।
তাঁর বক্তব্যের বিরোধিতা করেছে ব্রেক্সিটপন্থী প্রচারগোষ্ঠী ‘ব্রিটেন আনবাউন্ড’। সংগঠনটির দাবি, গণভোটে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ তুলে ২০১৬ সালে ব্রিটিশ জনগণের নেওয়া সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।
সংগঠনটি আরও বলেছে, বিদেশি হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে রাশিয়ার কর্মকাণ্ডের কারণে ব্রেক্সিট গণভোটের ফলাফল পরিবর্তিত হয়েছিল—এমন দাবি সমর্থনের মতো পর্যাপ্ত কারণ নেই বলে তাদের বক্তব্য। ভোটাররা সহজেই বিভ্রান্ত হয়েছিলেন, এমন ধারণাও তারা প্রত্যাখ্যান করেছে।
সাক্ষাৎকারে বার্নহাম জানান, চলতি সপ্তাহের শুরুতে জার্মানি সফরের সময় দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে রাশিয়ার প্রভাব বিস্তারের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তিনি। তাঁর অভিযোগ, রাশিয়া থেকে জার্মানির রাজনৈতিক পরিসরে ভুল তথ্য ও অপতথ্য ছড়ানো হচ্ছে।
বার্নহামের মতে, এ ধরনের তৎপরতার তথ্য নথিভুক্ত করা জরুরি। এতে ফ্রান্স ও জার্মানির ভোটাররা বুঝতে পারবেন, বিদেশি শক্তি কীভাবে রাজনৈতিক বিতর্ক ও জনমতকে প্রভাবিত করার চেষ্টা করতে পারে।
যুক্তরাজ্যের রাজনীতিতে রাশিয়ার প্রভাব বিস্তারের অভিযোগ অবশ্য নতুন নয়। ২০২০ সালে দেশটির পার্লামেন্টের গোয়েন্দা ও নিরাপত্তাবিষয়ক কমিটি রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে ব্রেক্সিট গণভোটের ফলাফল প্রভাবিত করতে মস্কো চেষ্টা করেছিল কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি। তবে সম্ভাব্য বিদেশি হস্তক্ষেপের হুমকি যথাযথভাবে মূল্যায়ন ও মোকাবিলা করতে ব্যর্থ হওয়ায় একাধিক ব্রিটিশ সরকারের সমালোচনা করা হয়।
ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে রাশিয়ার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী একে ‘রুশবিদ্বেষ’ বলে আখ্যা দেন। ক্রেমলিনের পক্ষ থেকেও অন্য দেশের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করা হয়।
অন্যদিকে, ২০১৯ সালের যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে রাশিয়ার সংশ্লিষ্ট পক্ষগুলো হস্তক্ষেপের চেষ্টা করেছিল বলে তৎকালীন কনজারভেটিভ সরকার জানিয়েছিল। ওই সরকারের ভাষ্য ছিল, এ অভিযোগের পক্ষে ‘প্রায় নিশ্চিত’ হওয়ার মতো ভিত্তি রয়েছে।
চলতি বছরের শুরুর দিকে যুক্তরাজ্যের নির্বাচন কমিশনের প্রধান বিজয় রঙ্গরাজন আইনপ্রণেতাদের জানান, বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনে রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট ডিপফেক ভিডিও ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। যুক্তরাজ্যও এ ধরনের তৎপরতার ঝুঁকির বাইরে নয় বলে তিনি মন্তব্য করেন।
গত মাসে জাতিসংঘে দেওয়া ভাষণেও বার্নহাম রাশিয়ার বিভিন্ন সংস্থার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো এবং মানুষের ভয়কে কাজে লাগানোর অভিযোগ তোলেন। এ ধরনের প্রচারণা মোকাবিলায় ‘বিষাক্ত অপতথ্যের জোয়ার’ ঠেকাতে নতুন একটি কেন্দ্র প্রতিষ্ঠার ঘোষণাও দেন তিনি।
ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র জানান, বিদেশি শক্তি ও তাদের সহযোগীদের তৎপরতা থেকে নাগরিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষিত রাখা সরকারের অন্যতম লক্ষ্য। গণতান্ত্রিক মূল্যবোধ ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় নিরাপত্তা আইনের আওতায় সরকারের ক্ষমতা বাড়ানো, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

মারা গেছেন অভিনেত্রী নাসিমা খান

দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে প্রস্তুত বিএনপি: রিজভী

ইউপি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে ইসির বৈঠক

ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সৌদিতে হামলার পর আতঙ্কে প্রবাসীরা, রেমিট্যান্সে প্রভাবের শঙ্কা

ঢাকা-দাম্মাম রুটে আটকেপড়াদের বিকল্প ব্যবস্থায় সৌদি নেওয়ার উদ্যোগ

নারীর ক্ষমতায়নে পরিবারকে যুক্ত করার তাগিদ ববি হাজ্জাজের

নারী-শিশুর প্রতি সহিংসতায় কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

উত্তরায় জি এম কাদেরের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

দিল্লিতে বিক্ষোভের জন্য নতুন তিন স্থান নির্ধারণ

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় কানাডা

ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, ভোট হবে পাঁচ ধাপে