সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা আটক ৪, দেড় কেজি স্বর্ণ ও মালয়েশিয়ান সিমকার্ডসহ যাত্রী আটক
সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাবেক এক সেনাসদস্যসহ চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে এ অভিযানে প্রতারণার শিকার ৪৪ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের সেনাবাহিনীতে চাকরির নিয়োগপত্র দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল বলে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার এস এম জাহাঙ্গীর আলম সরকার জানান। তিনি বলেন, আটক চারজনের কাছে বিপুল সংখ্যক রেভিনিউ স্ট্যাম্প ও সিল পাওয়া গেছে। এর মধ্যে বেশ কিছু রেভিনিউ স্ট্যাম্পে সইও নেওয়া হয়েছে। আটকদের মধ্যে একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার ও একজন অবসরপ্রাপ্ত সিভিল সদস্য রয়েছেন। তবে কারও নাম-পরিচয় পুলিশের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। জাহাঙ্গীর আলম বলেন, পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
দেড় কেজি স্বর্ণ ও মালয়েশিয়ান সিমকার্ডসহ যাত্রী আট
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দেড় কেজি স্বর্ণ ও বিপুল পরিমাণ মালয়েশিয়ান সিমকার্ডসহ মো. মাহবুবুর রহমান (৩৬) নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সোমবার রাতে এ ঘটনা ঘটে। আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী সুপার (এএসপি) তানজিনা আক্তার জানান, আটক মাহবুবুর মালয়েশিয়া থেকে এমএইচ-১১২ ফ্লাইটে সোমবার রাত ১২টায় ঢাকায় পৌঁছান।
বিমানবন্দরের দুই নম্বর ক্যানোপি দিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। তিনি আরও জানান, এ সময় তার দেহ ও প্যান্টের পকেট থেকে এক কেজি ৪০০ গ্রাম স্বর্ণ ও মালয়েশিয়ান ৩৯৮টি সিমকার্ড উদ্ধার করা হয়। স্বর্ণগুলোর মধ্যে একটি বার ও বাকিগুলো অলঙ্কার। আটক মাহবুবুর রহমানের বাড়ি রাজধানীর যাত্রাবাড়ী এলাকায়। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে।











