নিজস্ব প্রতিবেদক : অর্থনীতিতে স্থবিরতা কাটাতে এবং নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার বড় প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এই উদ্যোগের মাধ্যমে অন্তত ২৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষতিগ্রস্ত শিল্পকারখানাগুলো পুনরায় সচল করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
শনিবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘স্টিমুলাস প্যাকেজ ২০২৬’ নামে এই প্রণোদনার বিস্তারিত তুলে ধরা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে দেশের অর্থনীতি একাধিক চাপে রয়েছে। জিডিপি প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে কমছে, পাশাপাশি ব্যাংকখাতে খেলাপি ঋণ, অর্থপাচার, আমানতকারীদের আস্থাহীনতা এবং উচ্চ সুদহারের কারণে বেসরকারি বিনিয়োগও কমে গেছে। এর প্রভাব পড়েছে শিল্প ও উৎপাদন খাতে। অনেক কারখানা আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
এ পরিস্থিতিতে অর্থনীতিতে গতি ফেরাতে বড় আকারের প্রণোদনা প্রয়োজন বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। তাদের ভাষায়, এটি হবে একটি ‘কাউন্টার-সাইক্লিক্যাল’ উদ্যোগ, যার মাধ্যমে কমে যাওয়া বিনিয়োগ ও চাহিদাকে রাষ্ট্রীয় সহায়তায় পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হবে।
ঘোষিত প্যাকেজের মধ্যে ৪১ হাজার কোটি টাকা আসবে ব্যাংকগুলোর অতিরিক্ত তারল্য ব্যবহার করে গঠিত পুনঃঅর্থায়ন তহবিল থেকে। বাকি ১৯ হাজার কোটি টাকা দেবে বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে, যা সরকারি গ্যারান্টির আওতায় থাকবে।
সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে বন্ধ শিল্প ও সেবাখাতের জন্য, যার পরিমাণ ২০ হাজার কোটি টাকা। এছাড়া কৃষি ও গ্রামীণ কর্মকাণ্ডে ১০ হাজার কোটি, সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি, রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি এবং উত্তরবঙ্গ কৃষি হাব উন্নয়নে আরও ৩ হাজার কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা রয়েছে।
ক্ষুদ্র উদ্যোক্তা ও নতুন উদ্যোগগুলোকেও এই প্যাকেজে গুরুত্ব দেওয়া হয়েছে। কুটির ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ৫ হাজার কোটি টাকা, প্রি-শিপমেন্ট ক্রেডিটে ৫ হাজার কোটি, চামড়া ও জুতা রপ্তানিতে ২ হাজার কোটি এবং হিমায়িত মাছ ও চিংড়ি রপ্তানিতে আরও ২ হাজার কোটি টাকার বিশেষ তহবিল রাখা হয়েছে।
এ ছাড়া বেকার যুবকদের কর্মসংস্থান, স্টার্টআপ, সৃজনশীল অর্থনীতি, পরিবেশবান্ধব পণ্য উৎপাদন এবং প্রবাসী কর্মসংস্থান বাড়াতেও আলাদা স্কিম ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের আশা, এই প্রণোদনা বাস্তবায়ন হলে বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু হবে, রপ্তানি আয় বাড়বে, গ্রামীণ অর্থনীতি সক্রিয় হবে এবং ব্যবসায়ীদের আস্থা ফিরে আসবে। একই সঙ্গে মধ্যমেয়াদে দেশের জিডিপি প্রবৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।