শোক দিবসের অনুষ্ঠানে যুবলীগ নেতা খুন
গাজীপুরের কালিয়াকৈরে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলামকে (৪৫) কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। গতকাল শুক্রবার বিকেলে কালিয়াকৈরের চন্দ্রায় জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ মাঠে এই ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজমতউল্লাহ খান মঞ্চে উপস্থিত ছিলেন। অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ঘটনার পর মন্ত্রী মোজাম্মেল হক অনুষ্ঠানে বক্তব্য না দিয়েই মঞ্চ ছেড়ে চলে যান। মন্ত্রী, দলীয় নেতাকর্মী এবং পুলিশের উপস্থিতিতে এই হামলার ঘটনায় এ সময় ওই এলাকাসহ কালিয়াকৈর পৌর শহরে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিহত রফিকুল ইসলাম কালিয়াকৈরের চাপাইর গ্রামের আব্দুল জলিলের ছেলে। এক ছেলে ও এক মেয়ের জনক ব্যবসায়ী রফিকুল ইসালাম ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্বে ছিলেন। রফিকুল ইসলামের মৃত্যর খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিবারের সদস্যরা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় জমায়। তাদের আহাজারিতে হাসপাতাল ও এলাকার পরিবেশ ভারি হয়ে ওঠে। স্বামীর লাশ দেখে মূর্ছা যান স্ত্রী কনা বেগম (৪০)। লাশ দেখতে এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে হাসপাতালে যান মন্ত্রী মোজাম্মেল হকও। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় শোক দিবস এবং ২১ আগস্টের গ্রেনেড হামলায় হতাহতদের স্মরণে পৌর আওয়ামী লীগ গতকাল বিকেলে কালিয়াকৈরের চন্দ্রায় জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ মাঠে অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমতউল্লাহ খানসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা। বিকেল সাড়ে ৫টার দিকে রফিকুল ইসলাম বক্তব্য শেষ করে ৫ নম্বর ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেনকে নিয়ে মঞ্চের মাত্র ৫০ গজ পেছনে মোশারফের চায়ের দোকানে চা পান করতে বসেন। ওই সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আজমতউল্লাহ খান মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন। হঠাৎ ১০-১২ জন অজ্ঞাতপরিচয় সন্ত্রাসী এসে অতর্কিতভাবে রফিকুল ইসলামের ওপর দা, চাপাতি ও ধারালো রড নিয়ে হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। রফিকুলকে রক্ষা করতে গিয়ে ওই ঘটনায় হোসেন আলীও আহত হন। পরে রফিকুলকে দ্রুত উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রফিকুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। মন্ত্রী মোজাম্মেল হক বক্তব্য না দিয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে যান। এ সময় হাসপাতালে উপস্থিত নেতাকর্মীরা রফিকুলকে হত্যার প্রতিবাদ এবং ঘটনায় জড়িতদের খুঁজে বের করে গ্রেপ্তারের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকে। রফিকুল হত্যার ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার খবর পেয়ে রাত ৮টার দিকে গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম রফিকুলের লাশ দেখতে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে যান। হাসপাতালে ছোট ভাইয়ের লাশ জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন বড় ভাই মোতালেব হোসেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরাও কেঁদে ফেলেন।
একাধিক সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তা ছাড়া কালিয়াকৈর পৌরসভার আগামী নির্বাচনে মেয়র প্রার্থী নিয়ে কয়েকজন নেতার সঙ্গে রফিকুল ইসলামের দ্বন্দ্ব চলে আসছিল। এদিকে রফিকুলের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছার পর সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বামীর মৃত্যুর খবর পেয়ে স্ত্রী কনা বেগম জ্ঞান হারিয়ে ফেলেন। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারি হয়ে ওঠে এলাকার পরিবেশ। তাদের সান্ত্বনা দিতে আসা লোকজনও চোখে পানি ধরে রাখতে পারেনি। কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নাছিম কবির এ ব্যাপারে কালের কণ্ঠকে বলেন, 'আমি চিকিৎসার জন্য ঢাকায় রয়েছি। মোবাইল ফোনে রফিকুলকে হত্যার খবর জানতে পেরেছি। কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং কেন তাঁকে হত্যা করা হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।' কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক বলেন, যুবলীগ নেতা রফিকুল হত্যার ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িতদের ধরতে একাধিক টিম অভিযান চালাচ্ছে।











