৮৩২ প্রার্থীর বার্ষিক আয় ৫ লাখ টাকার কম
অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের বড় একটি অংশ আর্থিকভাবে স্বল্প আয়ের। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, এবারের নির্বাচনে অংশ নেওয়া মোট ২ হাজার ২৬ জন প্রার্থীর মধ্যে ৮৩২ জনের বার্ষিক আয় ৫ লাখ টাকার কম, যা মোট প্রার্থীর ৪১ দশমিক শূন্য ৬ শতাংশ।
আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, স্বল্প আয়ের এই প্রার্থীদের পাশাপাশি আরও ৭৪১ জন প্রার্থীর বার্ষিক আয় ৫ লাখ ১ টাকা থেকে ২৫ লাখ টাকার মধ্যে, যা মোট প্রার্থীর ৩৬ দশমিক ৫৭ শতাংশ। অর্থাৎ মোট প্রার্থীদের প্রায় চার ভাগের তিন ভাগের বার্ষিক আয় ২৫ লাখ টাকার নিচে।
ডেটা বিশ্লেষণে দেখা যায়, ২৫ লাখ থেকে ৫০ লাখ টাকা আয় করেন ১৩২ জন প্রার্থী, যা ৬ দশমিক ৫১ শতাংশ। ৫০ লাখ থেকে ১ কোটি টাকা আয় করেন ৭১ জন, যা মোট প্রার্থীর ৩ দশমিক ৫০ শতাংশ। আর ১ কোটির বেশি আয় উল্লেখ করেছেন মাত্র ৯৫ জন প্রার্থী, যা মোট প্রার্থীর ৪ দশমিক ৫৯ শতাংশ।
এ ছাড়া ১৫৫ জন প্রার্থী আয় সংক্রান্ত তথ্য অসম্পূর্ণ বা উল্লেখ করেননি, যা মোট প্রার্থীর ৭ দশমিক ৬৫ শতাংশ। বিশ্লেষকদের মতে, আয় গোপন বা অসম্পূর্ণ তথ্য রাজনৈতিক স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তৈরি করছে।
দলভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, স্বল্প আয়ের প্রার্থীর সংখ্যা সবচেয়ে বেশি কিছু বড় ও মাঝারি রাজনৈতিক দলে। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যেও কম আয়ের অংশ উল্লেখযোগ্য।
অন্যদিকে, ১ কোটির বেশি আয় করা প্রার্থীদের মধ্যে সর্বাধিক ৫১ জন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, এরপর স্বতন্ত্র প্রার্থী ২৫ জন এবং জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন ৫ জন। এই তথ্য রাজনৈতিক দলগুলোর আর্থিক বৈষম্যের চিত্রও তুলে ধরে বলে মনে করছেন বিশ্লেষকরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার উচ্চ আয়ের প্রার্থীর হার কিছুটা কমেছে। তখন যেখানে ১ কোটির বেশি আয় করা প্রার্থীর হার ছিল ৮ দশমিক ৭৭ শতাংশ, এবারে তা নেমে এসেছে ৪ দশমিক ৫৯ শতাংশে। একইভাবে, ৫ লাখ টাকার কম আয় করা প্রার্থীর হারও কিছুটা কমেছে, তবে এখনও মোট প্রার্থীর প্রায় অর্ধেকই স্বল্প আয়ের।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০ আসনে মোট ২ হাজার ৩২ জন চূড়ান্ত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, প্রত্যেক প্রার্থীকে আয়, সম্পদ, দায়-দেনা ও মামলার তথ্য হলফনামায় উল্লেখ করতে হয়।










