বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তারের কথা জানাল ডিবি
অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গতকাল বুধবার রাতে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।
শফিকুল ইসলাম বলেন, সম্প্রতি জামায়াত আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় দলটির পক্ষ থেকে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ডিবির সাইবার ইউনিটের ওপর মামলাটির তদন্তভার বর্তায়। এর পরিপ্রেক্ষিতে রাজধানীর মতিঝিল এলাকা থেকে ছরওয়ার আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়। এ ঘটনায় ইতিমধ্যে হাতিরঝিল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ওই মামলায় হাতিরঝিল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, আটক ব্যক্তির ব্যবহৃত মুঠোফোন, কম্পিউটারের হার্ডডিস্কসহ অন্যান্য ইলেকট্রনিক পণ্য জব্দ করা হয়েছে। স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে জব্দ আলামতের ফরেনসিক করা প্রয়োজন। ডিবি পেশাদারিত্বের সঙ্গে তদন্ত করছে।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অহেতুক বিভ্রান্তি না ছড়াতে এবং সুষ্ঠু তদন্তে পুলিশকে সহযোগিতা করতে সবার প্রতি অনুরোধ জানান শফিকুল ইসলাম।
বঙ্গভবনের এই কর্মকর্তা এই হ্যাকের ঘটনার সঙ্গে জড়িত কি না-এমন প্রশ্ন করা হলে ডিএমপির ডিবি প্রধান বলেন, তদন্ত ও ফরেনসিক প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বলা যাবে না। তদন্তের স্বার্থে যা যা করার দরকার, তার সবকিছু করা হবে।
এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামের পূর্বপাশের সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে ছরওয়ারে আলমকে আটক করে ডিবি।
গত শনিবার রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায়। পরে এক্স অ্যাকাউন্ট থেকে সেই পোস্ট সরিয়ে নেওয়া হয়।
পরে জামায়াত বিবৃতি দিয়ে জানায়, সাইবার হামলা করে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়েছে এবং জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।







