বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক, ছরওয়ারে আলমের জামিন

news-image

আদালত প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেল হ্যাক করে নারীদের নিয়ে আপত্তিকর পোস্ট করার মামলায় গ্রেপ্তার রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার (আইসিটি শাখা) মোহাম্মদ ছরওয়ারে আলমকে জামিন দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্টোপলিটন মাজিস্ট্রেট আওলাদ হোসেইন মুহাম্মদ জুনায়েদ শুনানি শেষে এই আদেশ দেন।

‎জামায়াতে ইসলামীর পক্ষে আইনজীবী আব্দুর রাজ্জাক জামিনের বিরোধিতা করেন এবং আসামিপক্ষে আইনজীবী মো. আলমগীর জামিনের আবেদন করেন।

‎‎এর আগে গতকাল বুধবার রাতে ছরওয়ারে আলমকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আজ হাতিরঝিল থানা পুলিশের এসআই খন্দকার সালেহ আবু নাঈম তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন।

‎আবেদনে বলা, বাদী গত ৩১ জানুয়ারি ইমেইল অ্যাকাউন্ট নং[email protected] ব্যবহার করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেল হ্যাক করে মোহাম্মদ ছরওয়ারে আলমসহ অজ্ঞাতনামা ১৫/-০ জন বিরুদ্ধে নারীকে নিয়ে আপত্তিকর পোস্ট ছড়ানোর অভিযোগে হাতিরঝিল থানায় গত ১ ফেব্রুয়ারি একটি জিডি করা হয়। সেখানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স হ্যান্ডেলসহ দলের কয়েকজন সিনিয়র নেতার সামাজিক যোগাযোগমাধ্যম গত কয়েক দিন ধরে সাইবার হামলার হয়। ওই ঘটনায় সংঘবদ্ধ চক্র বিভিন্ন স্থানে নারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে জামায়াতে ইসলামীর আমিরের বিরুদ্ধে হিংসাত্মক স্লোগান দিয়ে মিছিল করে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অপপ্রচার চালায়। ভিকটিমজামায়াত আমিরের সামাজিক মান-মর্যাদা ও সম্মান ক্ষুণ করার অপপ্রয়াসে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভিকটিমের গঠনমূলক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে আসামিরা পরস্পরের সহায়তায় উল্লেখিত ভিকটিমের এক্স (টুইটার) হ্যান্ডেল হ্যাক করে ভুয়া ও বিভ্রান্তিকর কন্টেন্ট পোস্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে অপতথ্য প্রচার ও প্রকাশ করে, যা সাইবার স্পেসের জাতিগত সহিংসতা, ঘৃণা ও বিদ্বেষমূলক তথ্য ছড়িয়ে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ১৭/১৮/২৫/২৬/২৭ ধারায় অপরাধ সংঘটিত করে।

‎জিডি তদন্ত করার সময় ডিবি তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জানতে পারে যে. গ্রেপ্তার আসামি মোহাম্মদ ছরওয়ারে আলম (৪৩) জামায়াত আমিরের এক্স (টুইটার) হ্যান্ডেল হ্যাকের সাথে জড়িত। পরবর্তীতে অত্র মামলার বাদী গ্রেপ্তার আসামির বিরুদ্ধে হাতিরঝিল থানায় এজাহার দায়ের করেন।

মামলাটি তদন্তকালে জানা যায়, এজাহারনামীয় আসামি একজন সরকারি চাকরিজীবী এবং তিনি প্রোগ্রামার হিসেবে জনবিভাগ, রাষ্ট্রপতির কার্যালয়, বঙ্গভবনে কর্মরত আছেন। তাকে মামলায় গ্রেপ্তার করার জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সচিব, জনবিভাগ, রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবন, ঢাকা বরাবর গ্রেপ্তারের অনুমতি চেয়ে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতির কার্যালয়, জনবিভাগ, বঙ্গভবন, ঢাকা থেকে আসামিকে গ্রেপ্তার করার অনুমতি প্রদান করেন। মামলা তদন্তের স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আসামিকে ডিবি হেফাজতে রাখা হয়। আসামিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের মামলার ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আসামি যেসকল ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অপরাধ করেছে, তার ফরেনসিক পরীক্ষা প্রক্রিয়াধীন। আসামির নাম-ঠিকানা যাচাই ও মামলা তদন্ত অব্যাহত আছে। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত আসামিকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।

 

এ জাতীয় আরও খবর