নেতাকর্মীদের যে আহ্বান জানালেন জামায়াত আমির
অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে দেশের সকল পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের প্রতি নতুন নির্দেশনা দিয়েছেন তিনি।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ নির্দেশনা দেন।
এতে ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। স্বাগতম। ঘোষিত এই নির্বাচনকে সুষ্ঠু ও সফল করতে যৌক্তিক সব ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত।’
তিনি আরও লিখেছেন, ‘ঘোষিত আরপিও অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে বিভিন্ন প্রচার উপকরণ নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য দেশের সব পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের প্রতি আহ্বান জানাই।’
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে।











