শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ

news-image

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে লিড নিতে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু তৃতীয় দিনের শুরুতে মুশফিক বিদায় নিলে কিছুটা বিপদেই পড়েছিল স্বাগতিকরা। তবে লিটন দাসকে সঙ্গে নিয়ে মধ্যাহ্ন বিরতির আগে দলকে ঠিকই লিড এনে দিয়েছেন সাকিব। বিরতির পর দলের লিড বাড়িয়ে চলেছেন দুজন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৭৫ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এক ইনিংসে এটাই বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। আগের সর্বোচ্চ ছিল ২৫৯ রান, ২০০৮ সালে এই চট্টগ্রামেই। সাকিব আল হাসান ৪৬ ও লিটন দাস ৩৮ রানে অপরাজিত আছেন। ইতিমধ্যে ৮০ রানের জুটি গড়েছেন দুজন। ২৮ রান করে ফিরে গেছেন মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ২৪৮ রানে অলআউট করা বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২৭ রান। প্রোটিয়াদের বিপক্ষে এনিয়ে দ্বিতীয়বারের মতো লিড নিল বাংলাদেশ। এর আগে ২০০৮ সালে মিরপুর টেস্টে আগে ব্যাট করে ২২ রানের লিড নিয়েছিল টাইগাররা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪ উইকেটে ১৭৯ রান নিয়ে বৃহস্পতিবার তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। মুশফিকুর রহিম ১৬ ও সাকিব আল হাসান ১ রান নিয়ে ব্যাট করতে নামেন। দিনের শুরুতে বেশ ভালোই খেলছিলেন দুজন। বিশেষ করে মুশিফক ডেল স্টেইনের বলে তিনটি দর্শনীয় চার মারেন। কিন্তু দলীয় ১৯৫ রানে ওই স্টেইনের বলে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন মুশফিক। আম্পায়ার নট আউট দেওয়ার পর রিভিউ নিয়ে সফল হন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা। এই টেস্টে এটাই স্টেইনের প্রথম উইকেট। ২৮ রান আসে মুশফিকের ব্যাট থেকে।
মুশফিকের বিদায়ে কিছুটা চাপেই পড়েছিল বাংলাদেশ। তবে লিটন দাসকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন সাকিব। মধ্যাহ্ন বিরতির আগে লিটনের সঙ্গে ৫৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে লিড এনে দেন তিনি। মধ্যাহ্ন বিরতির সময় চট্টগ্রামে বৃষ্টি হানা দেয়। এতে ৩০ মিনিট পণ্ড হয়। ১২টা ১০ মিনিটে খেলা শুরুর কথা থাকলেও খেলা শুরু হয় ১২টা ৪০ মিনিটে।
এর আগে প্রথম দিনে দক্ষিণ আফ্রিকাকে ২৪৮ রানে অলআউট করা বাংলাদেশ দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ১৭৯ রান সংগ্রহ করে। বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের ২৫ ওভার বাকি থাকতেই খেলা সমাপ্ত ঘোষণা করেন আম্পায়াররা। ক্ষতি পুষিয়ে নিতে আজ তৃতীয় দিনে ৯৮ ওভার খেলানোর সিদ্ধান্ত হয়েছে।