মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলবে না
জাতীয় মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঈদে ঘরমুখো এবং কর্মস্থলমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে গঠিত মনিটরিং টিমের কার্যক্রম পর্যালোচনা সভায় বুধবার এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সাংবাদিকদের জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, ‘এবার ব্যাটারিচালিত ইজিবাইক, রিকশা হাইওয়েতে চলাচল অনেক কমে গেছে। কিন্তু নতুন একটা উপসর্গ যোগ হয়েছে, সেটা হল সিএনজিচালিত অটোরিকশা। এবার ঈদে দ্বিতীয় দুর্ঘটনাটা হয়েছে সিএনজিচালিত অটোরিকশার জন্য। সিএনজিচালিত অটোরিকশা এবার মহাসড়কে খুব বেশি হারে এসে গেছে। যেটা অতীতে কখনো ছিল না।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘আজ আমরা সভায় সিদ্ধান্ত নিয়েছি জাতীয় মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা একেবারে চলতেই পারবে না।’
ঈদ উদযাপন করতে গিয়ে যারা দুর্ভোগের শিকার হয়েছেন তাদের জন্য দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘ঈদের আগের দিন টাঙ্গাইল সড়কে আটটি ফিটনেসবিহীন যানবাহন অকেজো হয়ে পড়লে সেখানে সৃষ্টি হয় যানজট। আমি গণমাধ্যমে এ খবর দেখে সকালে ছুটে যাই চন্দ্রার উদ্দেশে। চন্দ্রা মোড় থেকেই যোগাযোগ করি এবং যানজট কমিয়ে আনার চেষ্টা চালাই। দুপুর নাগাদ যানজট কমে আসে। এছাড়া দেশের সব সড়ক-মহাসড়ক ছিল অনেকটা নির্বিঘ্ন।’
এবার ঈদে মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মন্ত্রণালয় আগে থেকেই কর্ম-পরিকল্পনা চূড়ান্ত করে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি ছাড়াও সচিব, প্রধান প্রকৌশলী, মনিটরিং টিমের সদস্য ও প্রকৌশলীরা নিরলস কাজ করে যাচ্ছেন। বৃষ্টি বিঘ্নিত যাত্রা আরামদায়ক ও স্বস্তিকর করতে আমাদের প্রচেষ্টায় কোনো ঘাটতি ছিল না।’
কাজে অবহেলায় প্রকৌশলী ও ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা
এ সময় মন্ত্রী বলেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী যে সকল প্রকৌশলী ভাল কাজ করেছে, দক্ষতার পরিচয় দিয়েছে তাদের পুরষ্কৃত করা হবে। ব্যর্থতা ও কর্তব্যে অবহেলার জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ও হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমি স্পটে কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা-চট্টগ্র্রাম হাইওয়ের ফেনী থেকে চৌমুহনী হয়ে নোয়াখালী যাওয়ার পথে এমন অবস্থা দেখেছি যে ঈদের দিন কাউকে শাস্তি দিতে না চাইলেও চারজনকে শোকজ করতে হয়েছে। আমার ভালো লাগেনি তারপরও ধমকের সুরে কথা বলেছি। তারা কেন এমন পরিস্থিতি সৃষ্টি করলেন তা সচিবকে খতিয়ে দেখতে বলেছি।’
দুর্ঘটনাপ্রবণ ৪ স্পটে ডিভাইডার স্থাপন
মন্ত্রী বলেন, ‘ঈদের আগে-পরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে সড়ক দুর্ঘটনায় মূল্যবান প্রাণহানী ঘটে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্ত তথা দুর্ঘটনাস্থলের সড়কে কোনো সমস্যা ছিল না। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টরা আমাকে জানিয়েছেন, বেপরোয়া গাড়ি চালনোই দুর্ঘটনার কারণ।’
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে চারটি দুর্ঘটনাপ্রবণ স্পটে ঢাকা-আরিচা মহাসড়কের আদলে নিউজার্সি ব্যারিয়ার বা ডিভাইডার স্থাপন করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আজ থেকে কাজ শুরু হচ্ছে। আগামী দু’মাসের মধ্যে এর কাজ শেষ হবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘কক্সবাজার থেকে সৈয়দপুর পর্যন্ত একজন চালক একটানা ড্রাইভিং করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভোর নাগাদ তার ঝিমুনি ও ঘুম আসতে বাধ্য। এক্ষেত্রে বা দূরপাল্লার ট্রিপে দুজন চালক দেওয়ার জন্য আমরা ইতোমধ্যে পরিবহন মালিকদের অনুরোধ জানিয়েছি।’
এবার ঈদে বড় দুর্ঘটনায় ২৪ জন ও সব মিলিয়ে ৫০ জনের মতো মারা গেছে জানিয়ে সড়ক ও সেতুমন্ত্রী বলেন, ‘গত বছর ৯০ জন মারা গিয়েছিল। এবার দুর্ঘটনার হার কম তবে মৃত্যু হার বেশি। প্রতিটি মৃত্যুই অপূরণীয় ক্ষতি।’
এবার ঈদের তিনদিন আগে ও পরে ভারি যানবাহন ও ফিটনেসবিহীন যানবাহন চলাচল করার কথা না থাকলেও তা চলাচল করেছে। এটা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন বলেও জানান মন্ত্রী।
এ সময় আসন্ন কোরবানীর ঈদ উপলক্ষে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের উপর গরুর হাট না বসানোর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন ওবায়দুল কাদের।











