মরিয়া পাকিস্তান–উইন্ডিজ
কাজটা হয়ে যাওয়ার পর খুব সহজ মনে হচ্ছে, কিন্তু ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগে বড় চ্যালেঞ্জই ছিল বাংলাদেশ দলের সামনে। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে হলে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি ওয়ানডে সিরিজের ছয় ম্যাচের অন্তত দুটি জিততে হবে—সামনে ছিল এমন সমীকরণ। ভারতকে প্রথম দুই ওয়ানডেতে হারিয়েই সেই হিসাব সহজ করে ফেলেছে মাশরাফির দল। নিশ্চিত করেছে চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গাও। কিন্তু সেই আনন্দ উদ্যাপনের মাঝেই হঠাৎ একটু চিন্তিত হয়ে পড়ার মতো একটা খবর—আগস্টে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে জিম্বাবুয়ে। সিরিজের ফরম্যাট কিংবা সূচি কিছুই অবশ্য চূড়ান্ত হয়নি। তবে যেহেতু পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ দুটি দলই খেলতে পারে বলে কথা হচ্ছে, সিরিজের ফল গোলমাল করে দিতে পারে বাংলাদেশের হিসাবটা। ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা ৮ দল। সেই র্যাঙ্কিংয়ের হিসাব করার শেষ সময়সীমা ৩০ সেপ্টেম্বর। ওই সময় পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটের যে সূচি ছিল, তাতে ভারতের সঙ্গে প্রথম দুটি ওয়ানডে জিতেই বাংলাদেশ নিশ্চিত করে ফেলে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা। আইসিসির সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী, ৯৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান সাতে। ৮৮ পয়েন্ট নিয়ে আটে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান নয়ে ৮৭ পয়েন্ট নিয়ে। এখন চ্যাম্পিয়নস ট্রফির ৮ নম্বর দল বা শেষ স্থানটি পেতে লড়াই পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। কার্যত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যে সূচি ছিল, সেখানে ওয়েস্ট ইন্ডিজের কোনো খেলাই ছিল না। পাকিস্তান আগামী মাসে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলঙ্কার সঙ্গে। শ্রীলঙ্কার কাছে সিরিজ হেরে গেলে পাকিস্তান বাদ পড়ে যাবে চ্যাম্পিয়নস ট্রফি থেকে। আবার পাকিস্তান সিরিজ জিতলে বাদ পড়বে ওয়েস্ট ইন্ডিজ। এত দিন পর্যন্ত এটাই ছিল সাধারণ হিসাব। তবে এই হিসাবটা একটু জটিল হয়ে যেতে পারে, যদি আগস্টে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজটা হয়, আবার এদিকে বাংলাদেশ ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরে যায় দক্ষিণ আফ্রিকার কাছে। যদিও কিছুই এখনো নিশ্চিত নয়। ক্রিকেট অস্ট্রেলিয়া ও পাকিস্তানি দৈনিক ডন-এর কাছে জিম্বাবুয়ে ক্রিকেটের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘সম্প্রতি আমরা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেছি। ওয়েস্ট ইন্ডিজকে আমন্ত্রণ জানিয়েছি ত্রিদেশীয় সিরিজ খেলতে। তবে এখনো কিছুই চূড়ান্ত হয়নি।’ আবার জিম্বাবুয়েতে এই ত্রিদেশীয় সিরিজ খেলতে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ রাজি হবে কি না, তা নিয়েও আছে জল্পনা-কল্পনা। শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ জিতলেই যেহেতু পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা নিশ্চিত করে ফেলবে, সে ক্ষেত্রে ওরা কেন আরও একটা টুর্নামেন্ট খেলে সেই জায়গাটা হারানোর ঝুঁকি নেবে! আবার স্বাগতিক শ্রীলঙ্কার কাছে পাকিস্তান সিরিজ হারলেই ওয়েস্ট ইন্ডিজ জায়গা পেয়ে যাবে চ্যাম্পিয়নস ট্রফিতে। ক্যারিবিয়ানরাই বা কেন ত্রিদেশীয় সিরিজ খেলার ঝুঁকি নেবে? আবার ঘরের মাঠে আসন্ন সিরিজে দক্ষিণ আফ্রিকাকে আসন্ন সিরিজে শুধু একটি ম্যাচেই হারাতে পারলে এসব হিসাব-নিকাশ মূল্যহীন হয়ে যাবে। তবে সেটি যেহেতু অনেক ‘যদি-কিন্তু’র ওপর নির্ভরশীল, এসব নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চান না বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রথম আলোকে বলেছেন, ‘এ নিয়ে শুধু শুধু দুশ্চিন্তা করে লাভ নেই। অকারণে হইচই করারও দরকার নেই। দেখা যাক কী হয়।’











