,

২ বাংলাদেশিকে অপহরণ করেছে ‘রোহিঙ্গা সন্ত্রাসীরা’

টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকা থেকে দুই বাংলাদেশিকে অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এ ঘটনায় সন্ত্রাসীদের হাত থেকে দুজন পালিয়ে এসেছেন। এর মধ্যে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মরিচ্যাঘোনা এলাকা থেকে ওই চার জনকে অপহরণ করেছিল রোহিঙ্গা সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের কবল থেকে পালিয়ে আসা দুজনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মরিচ্যাঘোনা থেকে হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী এলাকার নজির আহমদ (৫০), তার ছেলে সাদ্দাম হোসেন (২৭), একই এলাকার মো. শাহজাহান ও মো. মেহেদীকে অপহরণ করেছিল রোহিঙ্গা সন্ত্রাসীরা। এর মধ্যে শাহজাহান ও মেহেদী পালিয়ে রক্ষা পেয়েছেন। তবে শাহজাহানকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পালানোর সময় তাকে গুলি করা হয়।’

শাহজাহান ও মেহেদীর বরাত দিয়ে চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, ‘সকালে মরিচ্যাঘোনা এলাকায় শসা ক্ষেতে কাজ করছিলেন নজির আহমদ, সাদ্দাম হোসেন, শাহজাহান ও মেহেদীসহ কয়েকজন। হঠাৎ একদল রোহিঙ্গা সন্ত্রাসী অস্ত্রের মুখে চার জনকে অপহরণ করে নিয়ে যায়।তাদের নিয়ে যাওয়ার পথে পাহাড়ি এলাকায় আরেক রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে অপহরণকারীদের গোলাগুলির ঘটনা ঘটে। এ সুযোগে পালিয়ে আসেন শাহজাহান ও মেহেদী। এ সময় অপহরণকারীদের গুলিতে শাহজাহান আহত হন। শাহজাহানকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি টেকনাফ থানা পুলিশকে জানানো হয়েছে।’

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে শুনেছি দুইজনকে অপহরণ করা হয়েছে। অপহরণের ঘটনায় কারা জড়িত এ ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি। অপহৃতদের উদ্ধারে অভিযান চালানো হবে।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না