দাম চড়া, মাঝারি গরুতে বেশি ঝোঁক ক্রেতাদের
নিজস্ব প্রতিবেদক : ঈদের আগ মুহূর্তে জমজমাট রাজধানীর কোরবানির পশুর হাট। ক্রেতাদের ভিড়ে পা ফেলা দায়। চলছে হাঁকডাক, দামদর। তবে ক্রেতাদের অভিযোগ, অন্যবারের তুলনায় অন্তত ৩০-৩৫ ভাগ দাম বেড়েছে পশুর। রাজধানীর বেশ কয়েকটি পশুর হাট ঘুরে দেখা গেছে ক্রেতাদের কাছে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। এ সুযোগে অনেক বিক্রেতা মাঝারি আকারের গরুর দাম বাড়িয়ে দিয়েছেন।
গতকাল শুক্রবার সরেজমিন রহমতগঞ্জ মাঠে বসা অস্থায়ী পশুর হাটে গিয়ে দেখা যায় মাঠসহ আশপাশের এলাকায় তিল ধারণের ঠাঁই নেই। মাঠ ছাপিয়ে আশপাশের খালি জায়গাতেও গরু রাখা হয়েছে। মানুষের স্রোত চারদিকে। ক্রেতারা দরদাম করছেন। তবে বেশিরভাগ ক্রেতারই নজর মাঝারি আকারের গরুর দিকে। এ হাট ব্যবস্থাপনার সঙ্গে জড়িত হাজি লিয়াকত আমাদের সময়কে বলেন, এ বছর হাটের শুরুর দিকে একটু ভাটা ছিল। শুক্রবার সকাল থেকে দেদার বিক্রি হচ্ছে। গরু থাকবে না। উল্টো শেষ সময়ে অনেকে গরু নাও পেতে পারেন। একইরকম কথা বললেন এই হাটে গরু নিয়ে আসা কুষ্টিয়ার ব্যবসায়ী লালন শাহ। তিনি বলেন, কোথাও খালি জায়গা নেই। চারদিকে গরু রাখা। আমরাও কয়েক ট্রাক গরু এনেছিলাম। বিক্রি হয়ে গেছে। আবার নতুন করে গরু এনেছি। বিক্রি ভালো।
তবে ক্রেতারা অভিযোগ করছেন হাটে গরুর সরবরাহ থাকলেও বিক্রেতারা দাম বেশি হাকাচ্ছেন। বিশেষ করে ছোট ও মাঝারি গরুর চাহিদা থাকায় এসবের দাম বেশি চড়া। এনায়েত হোসেন নামের একজন ক্রেতা বলেন, গরু কিনে রাখার জায়গা সংকট। তাই ভেবেছিলাম শেষ সময়ে এসে গরু কিনব। দুদিন আগে গরুর যে দাম দেখেছি আজ (শুক্রবার) এর চেয়ে অন্তত ২৫-৩০ ভাগ দাম বেশি। ছোট ও মাঝারি গরুর দাম তুলনামূলক বেশি।
রাজধানীর শাহবাগ থেকে আসা ক্রেতা আলতাফ হোসেন
বলেন, কয়েক ঘণ্টা ধরে হাটে ঘুরছি, দামে বনছে না। বিক্রেতারা জানে রাজধানীবাসীর কোরবানির জন্য পছন্দের শীর্ষে মাঝারি আকারের গরু। তাই উচ্চ দাম হাঁকিয়ে বসে আছেন তারা। এ ছাড়া বাজারে ক্রেতাও বেশি, তাই সব মিলিয়ে এ অবস্থা। তবে এখন দাম না কমলেও শেষ বাজারে দাম কমবে, সেই অপেক্ষায় আছি। এদিকে বিক্রেতারা বলছেন তাদের লাভবান হতে হবে মাঝারি আকারের গরু বিক্রি করেই। তাই কাক্সিক্ষত দাম না পাওয়া পর্যন্ত তারা গরু ছাড়বেন না।
রাজধানীর সাঈদনগর কোরবানির অস্থায়ী পশুর হাটে দেখা যায়, রাস্তার দুই পাশে জমে উঠেছে হাট। এই হাটেও ক্রেতারা বলছেন, গরু ব্যবসায়ীরা বুঝে গেছেন ঢাকা শহরের ক্রেতাদের চাহিদার শীর্ষে মাঝারি আকারের গরু। আর এ কারণে মাঝারি আকারের গরুতে সব থেকে বেশি দাম হাঁকছেন বিক্রেতারা। একই চিত্র আফতাবনগরের হাটেও। এখানে বড় জায়গাজুড়ে হাট বসায় গরুও অনেক। এখানে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ২ মণ থেকে ৩ মণ ওজনের মাঝারি আকারের গরুর দাম তারা সর্বনিম্ন ১ লাখ ১০ হাজার টাকা থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত চাচ্ছেন। অন্যদিকে বড় আকারের গরুর দাম শুরু হচ্ছে ২ লাখ থেকে এবং ছোট আকারের গরুর দাম ৬৫ হাজার থেকে ৮৫ হাজার টাকা পর্যন্ত। কিছু গরু রয়েছে বেশ বড় আকারের। এগুলো পাঁচ লাখ থেকে আট লাখ টাকা পর্যন্ত দাম হাঁকা হচ্ছে। বাড্ডা থেকে কোরবানির পশু কিনতে আসা আসলাম মিয়া বলেন, প্রায় আড়াই মণ ওজনের একটি গরুর দাম ১ লাখ ৩০ হাজার টাকা চেয়েছে বিক্রেতা। আমি ১ লাখ ১০ হাজার টাকা পর্যন্ত দাম বলেছি কিন্তু গরু ছাড়ছেন না।
কুড়িগ্রাম থেকে ৮টি মাঝারি আকারের ও ৪টি বড় গরু নিয়ে এসেছেন ব্যবসায়ী দেলোয়ার হোসেন। তিনি বলেন, ৪টি বিক্রি হয়েছে ১ লাখ ২৫ হাজার টাকা করে। বাকিগুলোর দরদাম হচ্ছে। বড়গুলোর তেমন দাম-দর হচ্ছে না। আমরা সারাবছর গরু পালন করি কোরবানির ঈদে কিছু লাভের আশায়। আমাদের লাভ করতে হবে মাঝারি আকারের গরু দিয়েই। কারণ ছোট ও বড় গরুর চাহিদা তেমন বেশি নয়।
তিনি বলেন, ক্রেতারা অভিযোগ করছেন দাম নাকি এবার বেশি। কিন্তু তারা এটা বুঝতেছেন না গোখাদ্যের দাম কী পরিমাণ বেড়েছে। আমরা সারাটা বছর কষ্ট করি। কোরবানির সময় গরু বিক্রি করি কিছু লাভ করার জন্য। কিন্তু মানুষের প্রত্যাশা কম দাম।











