মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেতন দেওয়ার কথা বলে বাড়ি থেকে তুলে নিয়ে চার কিশোরকে নির্যাতন

news-image

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : প্রতিবন্ধী বাবার মাদ্রাসা পড়ুয়া চৌদ্দ বছর বয়সী সন্তান ফিরোজ হাসান। করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পরিবারের বাড়তি আয়ের জন্য কাজ নিয়েছিল এক কুঁড়ার (ধানের গুড়া) মিলে। একই সঙ্গে কাজ করছিল মো. মেহেদী (১৫), তুষার (১৪) ও তুহিন (১৩) নামে তার তিন বন্ধুও।

সবাই কাজও করছিল ঠিকঠাক। কিন্তু মজুরি চাইলেই তাদের শুনতে হতো অনেক গালমন্দ। এরই এক পর্যায়ে গত মঙ্গলবার ওই কিশোররা মজুরি চাইলেই তাদের মধ্যযুগীয় নির্যাতন শুরু করেন মিল মালিক ও তাদের সাঙ্গপাঙ্গরা। নির্যাতনের শিকার কিশোররা সারা শরীরে ক্ষত নিয়ে হাসপাতালে কাতরাচ্ছে।

গত মঙ্গলবার বগুড়ার শেরপুরের গাড়িদহ ইউনিয়নের জুয়ানপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। তবে এ ঘটনার পরিপ্রেক্ষিতের থানায় হত্যাচেষ্টার মামলা দায়েরের তিনদিন অতিবাহিত হলেও অজ্ঞাত কারণে অধরাই থেকে যাচ্ছে প্রভাবশালী অভিযুক্ত মিল মালিক ও তার সাঙ্গপাঙ্গরা।

সরেজমিনে গিয়ে ওইসব আহত কিশোর সঙ্গে কথা বলে জানা যায়, মজুরির বকেয়া টাকা চাওয়ায় তাদের বিরুদ্ধে চুরির অভিযোগে একটি মিল ঘরে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে নির্যাতন চালানো হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মঙ্গলবার রাতে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিশোর এই শ্রমিকরা উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর কলোনী গ্রামের বাসিন্দা।

নির্যাতনের শিকার ফিরোজ হাসান জানান, করোনার কারণে মাদ্রাসা বন্ধ থাকায় সে ও তার তিন বন্ধু ধানের গুড়ার (কুঁড়া) মিলে কাজ নেয়। মিলের মালিক মহিপুর জামতলা গ্রামের ইয়াকুব আলী বলেছিলেন, তাদেরকে প্রতিদিন ৫৫০ টাকা করে মজুরি দেবেন। কিন্তু তারা কাজ করলেও নিয়মিত বেতন দেওয়া হতো না। এভাবে তাদের বেতনের ১৪ হাজার টাকা আটকে রাখা হয়। তারা বকেয়া বেতন চাইলে মালিক পক্ষ তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে তারা কাজ ছেড়ে দেয়।

কিন্তু গত মঙ্গলবার দুপুরে বেতন দেওয়ার কথা বলে ইয়াকুব তাদেরকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যান। কিশোরদের মিল ঘরে আটকে রেখে বৈদ্যুতিক তার চুরির অভিযোগে ইয়াকুবসহ চারজন লোহার রড়, বাশঁ, কাঠ, হাতুড়ি ও প্লাস দিয়ে নির্যাতন চালান। নির্যাতনের সময় শরীরের বিভিন্ন স্থান থেকে তাদের চামড়া তুলে নেওয়া হয়। তাদের চিৎকারে এলাকাবাসী ও পরিবারের লোকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ফিরোজের মতো মেহেদী, তুষার ও তুহিনও একই ধরণের নির্যাতনের কথা বলে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করে তারা।

মেহেদীর মা মিনা বেগম বলেন, প্রতিবেশীদের কাছে সংবাদ পেয়ে তিনি মিল ঘরে গিয়ে তার ছেলে ও তার বন্ধুদের উদ্ধারের চেষ্টা করেন। এ সময় মিল মালিক ইয়াকুব তাকে শারীরিকভাবে নির্যাতন করেন। পরে এলাকাবাসীর সহযোগিতায় তাদের উদ্ধার করেন তিনি।

স্থানীয় প্রত্যক্ষদর্শী রেখা বেগম বলেন, কিশোরদের চিৎকারে তারা মিল ঘরে ছুটে যান। তাদের সামনেই কিশোরদের হাতুরি দিয়ে পেটানো হয়। এ সময় তুষার পানি খেতে চাইলে ইয়াকুব তুষারের মুখ পা দিয়ে চেপে ধরেন।

তুষার ও তুহিনের বাবা স্বপন বলেন, তার দুই সন্তানকে তারা অমানবিকভাবে পিটিয়েছে। প্লাস দিয়ে হাতের তালু ও পায়ের চামড়া তুলে নিয়েছে। হাতুড়ি দিয়ে পিটিয়ে তুহিনের পা ভেঙ্গে দিয়েছে। টাকার অভাবে তাদের চিকিৎসা করাতে পারছেন না। এ ঘটনায় স্বপন আলী বাদী হয়ে শেরপুর থানায় একটি মামলা করেন এবং বিচার চান।

এ বিষয়ে শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ায় গত বুধবার রাতে ইয়াকুবসহ চারজনের বিরুদ্ধে একটি হত্যাচষ্টার মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করার জন্য চেষ্টা অব্যাহত আছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

সংরক্ষিত আসনের এমপিরা সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ দিয়েছেন বিনিয়োগ আকৃষ্ট করতে

এআই ব্যবহার করে এসএসসি প্রশ্নফাঁসের গুজব শনাক্ত: বাংলাফ্যাক্ট

তামিলনাড়ুর নির্বাচনে থালাপতি বিজয়ের দল এগিয়ে, পুরোনো ভিডিও ভাইরাল

রাঙামাটিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও ক্রীড়া বিভাগ চালুর উদ্যোগ: প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার আর নেই

আইনমন্ত্রী: আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রমে প্রশ্ন তোলার কোনো কারণ নেই

মোদির মন্তব্য: পশ্চিমবঙ্গের জনগণ বিজেপিকে অভূতপূর্ব সমর্থন দিয়েছে

পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল বাংলাদেশের কূটনীতি প্রভাবিত করবে না: শামা ওবায়েদ

হাম ও উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু