লেবাননে বাংলাদেশি হত্যার ঘটনায় আশুগঞ্জে ২ ঘরে আগুন
লেবাননের রাজধানী বৈরুতে বাংলাদেশি যুবক সজীব শিকদার হত্যার জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের নাওঘাট গ্রামে দু’টি বসতঘর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নাওঘাট গ্রামের আব্দুল আহাদ মিয়ার বসতঘরে পার্শ্ববর্তী তালশহর গ্রামের বাসিন্দা আশুগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আমির হোসেনের পক্ষের লোকজন এ আগুন দেয় বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, তালশহর গ্রামের একদল উত্তেজিত যুবক নাওঘাট গ্রামের আব্দুল আহাদ মিয়ার দু’টি বসত ঘরে অগ্নিসংযোগ করে ও একটি ঘর ভাঙচুর করে। আগুনে দু’টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।
ওসি জানান, লেবাননে খুন হওয়া যুবক সজীব শিকদার আশুগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আমির হোসেনের ভাগ্নে। নাওঘাট গ্রামের আব্দুল আহাদ মিয়ার তিন ছেলে লেবাননে সজীবের সঙ্গে থাকতেন। এর মধ্যে জালাল মিয়া নামে এক যুবক সজীবকে গুলি করে বলে অভিযোগ উঠলে তাদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
এদিকে, আগুনের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকেরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। ঘটনাস্থলে বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আশুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহীদুল ইসলাম জানান, আমরা পৌঁছার আগেই ঘরগুলো ভস্মীভূত হয়ে যায়। পরে, ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো হয়। তাৎক্ষণিক অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি কিছু জানাতে পারেন নি।
বাংলাদেশ সময় রোববার রাত ৯টার দিকে আশুগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আমির হোসেনের ভাগ্নে, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামের শামসু শিকদারের ছেলে সজীব শিকদার লেবাননে প্রতিপক্ষের গুলিতে নিহত হন। এ ঘটনার সঙ্গে আশুগঞ্জের নাওঘাট গ্রামের জালাল জড়িত বলে অভিযোগ উঠে।











