ব্রাহ্মণবাড়িয়ায় আবৃত্তিশিল্পি- ক্ষুদে ক্ষুদে প্রশিক্ষণার্থীদের ভালোবাসায় সিক্ত হলেন- জেলা প্রশাসক
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় আবৃত্তিশিল্পি- ক্ষুদে ক্ষুদে প্রশিক্ষণার্থীদের ভালোবাসায় সিক্ত হলেন আবৃত্তিপ্রাণ জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। শুক্রবার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরের তিতাস আবৃত্তি সংগঠনের আমন্ত্রণে সংগঠনের সাংগঠনিক আবৃত্তি কার্যক্রমের প্রশিক্ষণ কর্মসূচী পরিদর্শনে আসেন। এসময় আবৃত্তিশিল্পি ও প্রশিক্ষণার্থীরা তাকে কাছে পেয়ে আপ্লুত হন। জেলা প্রশাসক তখন বড় ও ছোটদের দুটি ক্লাশে যান,তাদের সাথে মতবিনিময় করেন।
তিনি বলেন,যতোদিন ব্রাহ্মণবাড়িয়ায় ছিলাম ততোদিন ব্রাহ্মণবাড়িয়া তিতাস আবৃত্তি সংগঠনের সাথে আমার নিবিড় সম্পর্ক ছিলো। এ সম্পর্ক সবসময় অন্তরে থাকবে। এ সংগঠনের কর্মী ও শিল্পিদের কার্যক্রম ও আবৃত্তি আমাকে সবসময় আকৃষ্ট করেছে। দেশী-বিদেশী আবৃত্তি শিল্পিদের সমন্বয়ে তিতাস আবৃত্তি সংগঠন নিয়মিত ভালো ভালো আবৃত্তি অনুষ্ঠান করছে যা অনুকরণীয়। আমি যেখানেই থাকি ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক কার্যক্রমের খবর পত্রিকায় পেলে খুঁজে দেখবো সেখানে তিতাস আবৃত্তি সংগঠনের নাম আছে কিনা।
এসময় তিতাস আবৃত্তি সংগঠনের শিল্পি ও প্রশিক্ষণার্থীরা জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের ব্রাহ্মণবাড়িয়ায় কর্মকালীন সময়ে তার আবৃত্তির প্রতি অনুরাগ,আবৃত্তি অনুষ্ঠানে উপস্থিতি ও নানাভাবে সহযোগিতার কৃতজ্ঞতা স্বরূপ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় অন্যান্যের মাঝে জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার,তিতাস আবৃত্তি সংগঠন পরিচালক মনির হোসেন,সহকারী পরিচালক বাছির দুলাল,সংগঠক হৃদয় কামাল,শফিকুর রহমান,উত্তম কুমার দাস,সায়মা হক উপস্থিত ছিলেন।











