বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারা যেন দায়িত্বশীল ট্রাফিক পুলিশ

news-image

নিউজ ডেস্ক: নিরাপদ সড়ক ও দুই শিক্ষার্থীকে বাসচাপায় ‘হত্যার’বিচারসহ নয় দফা দাবিতে বৃহস্পতিবার (২ আগস্ট) পঞ্চম দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। বুধবারের মতোই দলে দলে রাস্তায় দাঁড়িয়ে আজও গাড়ি থামিয়ে রেজিস্ট্রেশন, চালকের লাইসেন্সসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র চেক করতে দেখা গেছে তাদের। সবাই তাদের নির্দেশ মানছেও। এ যেন নগরজুড়ে দায়িত্বশীল ট্রাফিক পুলিশের ভূমিকায় শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা গেছে, রিকশাওয়ালারাও শিক্ষার্থীদের নির্দেশ মতো সারিবদ্ধ হয়ে চলাচল করছে। গাড়িচালক, সিএনজি ও রিকশাচালক, বা পথচারীরা শিক্ষার্থীদের এই ভূমিকার কেউই বিরক্ত হচ্ছে না। অনেকে অবাক হয়ে দেখছেন এই দৃশ্য।

বৃহস্পতিবার সকাল থেকে উত্তরা, ফার্মগেট, শাহবাগ, মোহম্মদপুর, মিরপুর, ধানমন্ডি, সায়েন্স ল্যাবরেটরি, আসাদগে, মৌচাক এলাকার রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা। তারা এসব এলাকার রাস্তায় গাড়ি থামিয়ে কাগজপত্র ও চালকদের লাইসেন্স চেক করছে। তারা লাইসেন্স না পেয়ে কোনও কোনও চালককে জরিমানা করার অনুরোধ জানায় পুলিশকে।শিক্ষার্থীদের এই চেকিংয়ে দেখা গেছে, পুলিশ এমনকি মিডিয়ার গাড়ি-চালক কোনও কাগজপত্র ও লাইসেন্স ছাড়াই গাড়ি চালাচ্ছে।

প্রসঙ্গত, গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে (র‌্যাডিসন হোটেলের উল্টোদিকে) বাসচাপায় রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। ওইদিন দুপুর সাড়ে ১২টায় বিমানবন্দর সড়কের বাঁ-পাশে বাসের জন্য অপেক্ষা করার সময় জাবালে নূর পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো দিয়া খানম মীম ও আব্দুল করিম। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়। পথচারীরা সঙ্গে সঙ্গে আহতদের নিকটস্থ কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠে কলেজের শিক্ষার্থীরা। তারা জাবালে নূর পরিবহনের ওই বাসে আগুন ধরিয়ে দেয় ও শতাধিক বাস ভাঙচুর করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় সংশ্লিষ্ট চালকের দৃষ্টান্তমূলক শাস্তি, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও নৌপরিবহনমন্ত্রীর অনৈতিক বক্তব্যের প্রতিবাদসহ ৯ দফা দাবি জানায় শিক্ষার্থীরা।

গত চার দিন ধরে শিক্ষার্থীরা রাজধানীর সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। বুধবার (১ আগস্ট) বিকালে বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক করে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। একই সন্ধ্যায় শিক্ষামন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার (২ আগস্ট) রাজধানীসহ সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণার কথা জানানো হয়। সূত্র: বাংলা ট্রিবিউন