আমি নির্বাচন না করলে ছোটভাই মোমেন করবে: মুহিত
নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে সিলেট-১ আসন থেকে আমি নির্বাচন না করলে দল মনোনয়ন দিলে আমার ছোটভাই (ড. একে আব্দুল মোমেন) নির্বাচন করবে।
সোমবার (৩০ জুলাই) সিলেট নগরীর বন্দরবাজারের দুর্গা কুমার সরকারি পাঠশালা কেন্দ্রে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
সিটি নির্বাচন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ভোট ভালোই হচ্ছে। কোথাও কোনো সমস্যা হচ্ছে না।
বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী অভিযোগ করেছেন তার এজেন্টদের বের করে দেয়া হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আবদুল মুহিত বলেন, বিএনপির কোনো লোক নেই। তারা এজেন্ট দিতে লোক পায়নি। এখন উল্টা বলছে এজেন্টদের বের করে দেয়া হচ্ছে। এটা মিথ্যাচার।
মন্ত্রী আরও বলেন, আমি নৌকায় ভোট দিয়েছি। নৌকা এবার পাস করবে। সরকার সিলেটে বিপুল উন্নয়ন হয়েছে।
এর আগে, সিটি নির্বাচনে ভোট দিতে সকালে হেলিকপ্টারযোগে সিলেটে আসেন অর্থমন্ত্রী। পরে রিকশাযোগে ভোট কেন্দ্রে যান তিনি।
প্রসঙ্গত, সকাল ৮টা থেকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। দলীয় প্রতীকের এ নির্বাচনে ৬ জন মেয়র প্রার্থী, সংরক্ষিত ৯টি ওয়ার্ডে ৬২ জন এবং ২৭টি সাধারণ ওয়ার্ডে ১২৭ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।











