এমপিওভুক্ত হচ্ছেন ১১৩২ শিক্ষক
বিভিন্ন স্কুল ও কলেজে শূন্যপদে নিয়োগ পাওয়া এক হাজার ১৩২ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটি। তারা গত কয়েক মাসে নিয়োগ পেয়ে এমপিওভুক্তির (বেতন-ভাতার সরকারি অংশ) জন্য অনলাইনে আবেদন করেছিলেন। বুধবার (২৫ জুলাই) অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো: মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে উপস্থিত একজন পরিচালক বলেন, স্কুল ও কলেজের এক হাজার ১৩২ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলে ৩৫ জন, চট্টগ্রামের ৩৯, কুমিল্লার ৬৬, ঢাকার ১৭০, খুলনার ১০৩, ময়মনসিংহের ১৭৩, রাজশাহীর ১৪৬, রংপুরের ৩৬২ জন এবং সিলেট অঞ্চলে ৩৮ জনকে। এছাড়াও ৬৪০ জনের এমপিওশীটে নানাবিধ সংশোধনী আনার সিদ্ধান্ত হয়।
প্রসঙ্গত, প্রতি বিজোড় মাসে একবার এমপিওভুক্তির সভা অনুষ্ঠিত হয়। সভায় অধিদপ্তরের দুজন পরিচালক, মাদ্রাসা অধিদপ্তরের একজন পরিচালক, শিক্ষা অধিদপ্তরের নয় আঞ্চলিক উপ-পরিচালক ও শিক্ষা মন্ত্রণালয়ের তিনজন প্রতিনিধিসহ প্রায় ৩৫ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।











