ব্যাংকগুলোকে প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে হবে: ড. আতিউর
সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিবন্ধী জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বার জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। তিনি বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সামাজিক কল্যাণ তহবিল থেকে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য কাজ করা দরকার। তাদের সুরক্ষায় আলাদা বাজেটেরও প্রস্তাব করা যেতে পারে।
১৪ জুলাই, শনিবার রাজধানীর চলচিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য বাজেটে বরাদ্দ’ শীর্ষক এক ছায়া সংসদের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. আতিউর রহমান বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য মানবিক ও নাগরিক মূল্যবোধ জাগ্রত এবং ভারসাম্যমূলক নীতিমালা গ্রহণ করতে হবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রতিবন্ধীদের জন্য যে বরাদ্ধ আছে তা পর্যাপ্ত নয়। প্রত্যেকটি আর্থিক প্রতিষ্ঠানকে তাদের শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক চাহিদা পূরণে কর্পোরেট সোস্যাল রেসপনসিবিলিটি পালনে এগিয়ে আসতে হবে। শিক্ষা-বৃত্তি প্রদানের ক্ষেত্রে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়ার আহবান জানান তিনি। প্রতিবন্ধীদের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি ও সামাজিক প্রতিষ্ঠানকে সক্রিয় করে যৌথ প্রচেষ্টার মাধ্যমে প্রতিবন্ধীদের মূলস্রোতে এগিয়ে নেওয়া সম্ভব।
আগামী বাজেটের পূর্বে প্রতিবন্ধী মানুষের সুরক্ষায় আলাদা বাজেটের প্রস্তাব করা যেতে পারে মন্তব্য করে তিনি বলেন, শুধু বাজেট দিলেই হবে না। আবার বাজেট ছাড়াও প্রতিবন্ধকতা দূর করা যাবে না। বাজেট থাকলেই বাস্তবায়ন হবে তাও নয়। বাজেট বাস্তবায়নের জন্য কর কাঠামো শক্তিশালী করা দরকার। প্রয়োজনে প্রতিবন্ধীদের উন্নয়নে পৃথক শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে হবে। প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য শুধু থোক বরাদ্দ নয়, তাদের উন্নয়নে প্রতিটি ক্ষেত্রে বরাদ্দ থাকতে হবে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর বলেন, আমাদের বাজেটের আকার জিডিপির ১৫ শতাংশ। বাজেটের আকার আরও বাড়া উচিৎ। বাজেট বৃদ্ধির জন্য সবাইকে করের আওতায় আনতে হবে। দেশপ্রেমের অংশ হিসাবে ন্যুনতম কর প্রদানের সংস্কৃতি গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, সরকার বয়স, পেশা, অঞ্চল ও পিছিয়ে পড়া মানুষের অংশগ্রহণ নিশ্চিতের জন্য নানামূখী বাজেট প্রদান করে। সম-অংশগ্রহণ নিশ্চিতের জন্য সরকার শিশু বাজেট, জলবায়ু বাজেট, জেলা বাজেটসহ খাতওয়ারী বাজেট প্রণয়ন করছে। কিন্তু দেশের ১৬ কোটি মানুষের মধ্যে প্রায় দেড় কোটি প্রতিবন্ধী মানুষের জন্য প্রতিবারের মত এবারের অর্থবছরেও আলাদাভাবে কোন বাজেট প্রণয়ন করা হয়নি। সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে প্রতিবন্ধী মানুষের জন্য যে বাজেট দেয়া হয়েছে তাও পর্যাপ্ত নয়। প্রতিবন্ধী জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করতে মোট বাজেটের কমপক্ষে ৪% থেকে ৫% রাখতে হবে।
তিনি বলেন, শুধু বাজেটে বরাদ্দ দিয়েই নয়, এই বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা তার খোঁজখবর রাখতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন এই জনগোষ্ঠীকে আমরা যদি মূলধারায় সম্পৃক্ত করতে না পারি তাহলে আমাদের মোট জিডিপির ৮ থেকে ১০ শতাংশ ক্ষতি হবে। তাই প্রতিবন্ধী মানুষের জন্য পৃথক তথ্য-তালিকা করে প্রয়োজনীয় শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান নিশ্চিত করা জরুরী।
কিরণ বলেন, প্রতিবছর যেভাবে সর্বোচ্চ করদাতাকে সম্মানিত করা হয় ঠিক সেভাবে যেসব প্রতিষ্ঠান প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান করবে তাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করা উচিৎ। প্রতিবন্ধীদের কর্মসংস্থান প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে কর রেয়াত সুবিধাও প্রদান করা যেতে পারে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীবান্ধব। তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করেন। আমাদের দাবি সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে যে আলোচনা চলছে তাতে যেন প্রতিবন্ধী মানুষের জন্য বিশেষ কোটা-সুবিধা রাখা হয়। একটি রাষ্ট্রের প্রধান দ্বায়িত্ব হলো প্রতিবন্ধীসহ সকলের মানুষের মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করা। যে জাতি প্রতিবন্ধী জনগোষ্ঠীর প্রতি যত সহানুভুতিশীল সে জাতি তত মানবিক।











