শান্ত অভিযান ফের চাঙা
কক্সবাজারের ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনার পর মাদকবিরোধী অভিযান অনেকটা স্তিমিত হলেও গত কয়েকদিনে আবার যেন পুরোদমে শুরু হয়েছে। আবারও বন্দুকযুদ্ধে নিহতের সংখ্যা বাড়ছে।
সম্প্রতি বড় মাত্রায় মাদকবিরোধী অভিযান শুরু হয় ১৪ মে থেকে। শুরুতে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একদিনে ১২ জন নিহত হওয়ারও রেকর্ড আছে। আর শুরুর পর এক মাসে মোট নিহত হন ১৫০ জন। ২৭ মে রাতে আটকের কয়েক ঘণ্টা পর কক্সবাজারের ওয়ার্ড কাউন্সিলর এবং সাবেক যুবলীগ নেতা একরামুল হক গুলিতে নিহত হন।
এই ঘটনায় একরামের পরিবার এবং স্থানীয় আওয়ামী লীগ নেতারা একরাম ‘হত্যার’ বিচার দাবি করেন। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং বিভিন্ন বিদেশি দূতাবাস মাদকবিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ঘটনার তীব্র সমালোচনা করে এ অভিযান বন্ধের দাবি জানায়। এরপর জুন মাসে মাসে মাদকবিরোধী অভিযানে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার ঘটনা কমে যায়। কমতে কমতে শূন্যের কোঠায় নেমে আসে। জুন মাসে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার সংখ্যা কমে আসার পিছনে ঈদুল ফিতরও একটি কারণ হিসেবে কাজ করেছে।
তবে গত কয়েকদিনে মাদকবিরোধী অভিযানের সময় দেশের বিভিন্ন জেলায় এক-দুইজন করে বন্দুকযুদ্ধে নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছিলো। বুধবার দেশের চার জেলায় মাদকবিরোধী অভিযানে ‘বন্দুকযুদ্ধে’ পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। কেরানিগঞ্জ, কুষ্টিয়া, লক্ষ্মীপুর ও নাটোরে র্যাব-পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ওই পাঁচজন নিহত হন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, নিহত সবাই চিহ্নিত মাদক বিক্রেতা।
ডয়চে ভেলের তথ্য মতে, মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে প্রায় দুই মাস। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর হিসেবে মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ‘বন্দুকযুদ্ধে’ ১৮৮ জন নিহত হয়েছে। এর মধ্যে প্রথম একমাসেই নিহত হয়েছেন ১৫০ জন। আর এই অভিযানে নামের মিল থাকায় ভুল মানুষ, দাবিকৃত টাকা না পেয়ে, রাজনৈতিক কারণে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার অভিযোগ আছে। কিন্তু এসব অভিযোগে এখনো কোনো মামলা হয়নি। আর সাধারণভাবে কোনো পরিবারের মামলা করার সুযোগও নেই। কারণ, প্রতিটি ঘটনায়ই আইন-শৃঙ্খলা বাহিনী বাদী হয়ে মামলা করেছে। কক্সবাজারের ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক নিহত হওয়ার ঘটনায় মামলা করেছে র্যাব।











