বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাসিক নির্বাচনে উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দ

news-image

পাপন সরকার শুভ্র, রাজশাহী : রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) আসন্ন নির্বাচন উপলক্ষে উৎসবমুখর পরিবেশে প্রার্থিদের মাঝে প্রতীক বরাদ্দ চলছে। মঙ্গলবার সকাল নয়টায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হয়েছে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার সৈয়দ আমিরুল ইসলাম প্রার্থিদের মাঝে প্রতীক বরাদ্দ করছেন। নির্বাচনী প্রতীক নিতে সকাল থেকেই নিজেদের কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচন কার্যালয়ে যাচ্ছেন প্রার্থীরা। প্রতীক বরাদ্দ পাওয়ার পর সেই প্রতীক নিয়ে স্লোগান তুলে
মিছিল নিয়ে নিজ নিজ এলাকায় ফিরছেন তারা। ফলে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে চারপাশ।

জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার আতিয়ার রহমান জানান, সকাল নয়টায় সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর পদের প্রার্থিদের মাঝে প্রতীক বরাদ্দ শুরু হয়। এছাড়া বেলা সাড়ে ১১টায় মেয়র এবং দুপুর ১২টা থেকে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদের প্রার্থিদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে।

আতিয়ার রহমান আরও জানান, প্রতীক বরাদ্দের সময় প্রথমে একটি ওয়ার্ডের সব প্রার্থীদের তাদের জন্য নির্বাচন কমিশন থেকে বরাদ্দকৃত প্রতীকগুলো দেখানো হচ্ছে। প্রার্থীরা
নিজের পছন্দমতো প্রতীক গ্রহণ করার সুযোগ পাচ্ছেন। তবে একাধিক প্রার্থী একটি প্রতীককেই পছন্দ করলে সেক্ষেত্রে লটারি করা হচ্ছে। সকাল থেকে খুব সুন্দরভাবে শান্তিপূর্ণ পরিবেশে প্রতীক বরাদ্দ চলছে বলেও জানান তিনি।

এদের মধ্যে মেয়রপ্রার্থী আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে নৌকা প্রতি বাংলাদেশ জাতীয় পার্টি(মতিন) মেয়রপ্রার্থী হাবিবুর রহমান হাবিবকে কাঁঠাল প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের শরিফুল ইসলাম পেয়েছেন হাতপাখা প্রতীক, গনসংহতি আন্দোলনের প্রার্থী মুরাদ মোর্শেদ পেয়েছেন হাতি প্রতীক, বিএনপি মনোনীত প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল ধানের শীষ বরাদ্দ দেওয়া হয়েছে।মেয়র পদে প্রধান দুটি দলের প্রার্থীরা তাদের দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থীরাও পছন্দের প্রতীক পেয়ে সন্তুষ্ট।

এবারই প্রথম দলীয় প্রতীকে মেয়র পদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে সাধারণ স্বতন্ত্র প্রার্থী এবং সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর পদের নির্বাচন হচ্ছে নির্বাচন কমিশনের বরাদ্দ করা প্রতীকেই। আজ মঙ্গলবার থেকে প্রার্থীরা তাদের প্রতীক নিয়ে প্রচারণা শুরু করতে পারবেন। প্রচারণা চলবে আগামী ২৮ জুলাই পর্যন্ত। আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহন।

মঙ্গলবার সকাল থেকেই শহরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের নৌকা প্রতীকের ব্যানার, ফেস্টুন সাঁটাতে শুরু করেছেন তার কর্মীরা। তবে বেলা ১১টা পর্যন্ত শহরে অন্য কোনো প্রার্থীর ব্যানার, ফেস্টুন সাঁটাতে দেখা যায়নি।