বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নামকরা ব্যবসায়ীকে কুখ্যাত বানিয়েছে ইয়াবা

news-image

নিজস্ব প্রতিবেদক: গুলশানের স্বনামধন্য একটি ব্যবসায়ী পরিবার। শিক্ষিত ও পরিচিত মুখ, এলাকার সবাই তাদের চেনে। ছিল সাজানো বাগান। সমাজের সবাই তাদের সম্মান করতো। অর্থ-বিত্তের কোন অভাব ছিল না। হঠাত্ ইয়াবা হানা দিয়ে পরিবারকে তছনছ করে দিলো। কর্তা ব্যক্তি থেকে শুরু করে আস্তে আস্তে পরিবারের সবাই ইয়াবায় আসক্ত হয়ে পড়লো। স্বনামধন্য এই ব্যবসায়ী পরিবার এখন সমাজে ইয়াবার কারণে কুখ্যাত পরিবার হিসেবে চিহ্নিত। ইয়াবা খেতে খেতে অনেকের শরীরে ঘা’র চিহ্ন দেখা দিয়েছে। এখন পরিবারের সদস্যরা তাদের ভুল বুঝতে পেরে পূর্বের অবস্থায় ফিরে যেতে চিকিত্সকের শরণাপন্ন হয়েছে। চিকিত্সকরা জানিয়েছে, আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই ব্যবসায়ী জানান, তার এক বন্ধুর পাল্লায় পড়ে প্রথমে ইয়াবা খান। স্লিম ও স্মার্ট হওয়ার আশায় দিনের পর দিন ইয়াবা খেতে থাকেন। এক পর্যায়ে নেশায় পরিণত হন। খেতে খেতে ইয়াবা বেচাকেনায় নিয়োজিত হয়ে পড়েন তিনি। পরে ওই ব্যবসায়ী ইয়াবা খেতে তার স্ত্রীকেও শিখান। স্ত্রীও এখন ইয়াবায় আসক্ত।

ব্যবসায়ীর এক বোন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবি ছাত্রী। ভাবির হাত ধরে সেও ইয়াবায় আসক্ত হয়ে যায়। লেখাপড়া বন্ধ করে ইয়াবা বেচাকেনা করছে। মাঝেমধ্যে গুলশানের ফুটপাতেও সে রাতযাপন করে। ব্যবসায়ীর একমাত্র ছেলে উচ্চ শিক্ষিত, বিদেশ থেকে পড়াশুনা করে এসেছেন। ছেলে দেশে এসে প্রথমে মা-বাবাকে ইয়াবা খাওয়া থেকে ফেরানোর অনেক চেষ্টা করেন। নানাভাবে বোঝান, কিন্তু ব্যর্থ হন। মা-বাবাকে ফেরাতে না পেতে অনেকটা ক্ষোভের বশবতি হয়ে ব্যবসায়ী পরিবারের এই সন্তানও ইয়াবা খাওয়া শুরু করেন। সেও ইয়াবায় আসক্ত হয়ে পড়ে। এখন পরিবারের সবাই ইয়াবা খায়, বেচাকেনাও করেন। আর বিষয়টি এখন এলাকাবাসীর সবারই জানা। এখন সময় এই পরিবারের সদস্যদের এলাকাবাসী অনেক সম্মান করতো। এখন এলাকাবাসী এই পরিবারকে ঘৃণার চোখে দেখে।

ওই ব্যবসায়ী আরো বলেন, ‘এখন মাঝে মধ্যে মনে হয় আত্মহত্যা করি। ইয়াবা যে একটি পরিবারকে ধ্বংস করে দেয় তার উজ্জ্বল দৃষ্টান্ত আমার পরিবার। আমি এখন বাঁচতে চাই। শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন দেখা দিয়েছে। চিকিত্সকের কাছে গেছি। চিকিত্সা চলছে। কোন পরিবার যেন ইয়াবায় আসক্ত না হয় এই কামনা করি। আগামী প্রজন্মের জন্য ইয়াবা থেকে দেশকে রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইয়াবার বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে অভিযান পরিচালনা করছেন তাকে স্বাগত জানাই। কোন পরিবার যেন এই ইয়াবার বিষাক্ত ছোবলে না পড়ে।’

সরেজমিন ওই পরিবারের বাসভবনে যান সাংবাদিকরা। ব্যবসায়ী ওই পরিবারের সকল সদস্য মরণ নেশা ইয়াবা কিভাবে তাদের ক্ষতি করেছে তা তুলে ধরেন। ব্যবসায়ীর উচ্চ শিক্ষিত পুত্র জানান, আগে পরিবারের সদস্যদের মধ্যে ছিল চমত্কার সম্পর্ক। এক সঙ্গে খাওয়া-দাওয়া চলতো। প্রায়ই বাসায় আত্মীয়-স্বজন আসতো। রাতে চলতো এক সঙ্গে খাওয়া-দাওয়া। পাশাপাশি চলতো আড্ডা। আমরা ইয়াবায় আসক্ত হওয়ার বিষয়টি আত্মীয়-স্বজন জানার পর সকলেই আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয়। আমাদের সঙ্গে ফোনেও কেউ কথা বলতে চায় না। আমাদের পরিবার এখন সমাজচ্যুত। আমরা এখন জীবিত থেকেও মৃত বলে ওই শিক্ষিত তরুণ জানান। ইয়াবায় আসক্ত হওয়ার পর এখন কেউ কারোর কথা সহ্য করতে পারেন না। ভাল কথা বললেও একজন অপরজনের ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন।

পরিবারের সবাই বলেন, ইয়াবা আসক্ত হওয়ার তিন মাস পরই দৃশ্যমান অসুস্থতা ধরা পড়ে। ইয়াবায় আসক্ত ওই ব্যবসায়ীর স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ইয়াবার কালো থাবায় আমার পরিবার ধ্বংস হয়ে গেছে।  যন্ত্রণাময় এ জীবনের অবসান চাই। জীবন এভাবে চলতে পারে না। ইয়াবার কালো থাবা নিয়ন্ত্রণ করা না গেলে আমার পরিবারের মত সারা দেশের লক্ষ পরিবার ধ্বংস হয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুতি জানিয়ে তিনি বলেন, ইয়াবার হাত থেকে দেশকে বাঁচান। সূত্র: ইত্তেফাক