মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ব্রাজিলের খেলায় আলাদা এক ছন্দ খুঁজে পাই’

news-image

বিশ্বকাপের খেলা পরিবারের সবার সঙ্গে দেখতে ভীষণ মজা লাগে আমার। এবারো সকলে মিলে খেলা দেখছি। বিশেষ করে আমিসহ পরিবারের সকলেই আমরা ব্রাজিলের সাপোর্টার।

ব্রাজিলের খেলায় আলাদা এক ছন্দ খুঁজে পাই আমি। বিশেষ করে এই দলের নেইমার তো অনেক ভালো একজন খেলোয়াড়। এবারের বিশ্বকাপে নেইমার সেভাবে জ্বলে উঠতে না পারলেও দলের মধ্যে বোঝাপড়াটা ভালো।

ব্রাজিলের খেলা চলাকালীন রুদ্ধশ্বাসে বসে থাকি আমি। প্রিয় দলের খেলোয়াড়রা গোল করার পর মেতে উঠি উল্লাসে। ব্রাজিলের খেলা সবসময়ই উপভোগ করে এসেছি আমি।

আর এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা, জার্মানি, পর্তুগাল, স্পেনের মতো ভালো ভালো দলগুলো বাদ পড়ে গেছে। এটা দেখেও আমার খুব খারাপ লেগেছে।

কারণ, এসব দলে ছিল মেসি, ক্রুস, রোনালদোর মতো তারকা ফুটবলাররা। তাদের খেলা দেখতেও ভীষণ ভালো লাগতো আমার। বিশ্বকাপে তারকা ফুটবলার না থাকলে খেলা দেখে তেমন মজা হয় না।

এখন শেষ ষোলো থেকে অনেক টিমই ধীরে ধীরে কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হচ্ছে। যাকে মনে করছি কোয়ার্টার ফাইনালে যাবে, সেই টিমই বাদ পড়ে যাচ্ছে এবার।

বরং রাশিয়া, ক্রোয়েশিয়া, ফ্রান্স, বেলজিয়াম, জাপানের মতো দলগুলো এবার চমৎকার খেলা উপহার দিয়েছে। এদের মধ্য থেকেও যে কোনো দেশ বিশ্বকাপ নেয়ার সম্ভাবনা আছে এবার।

কাউকে ছোট করে ভাবতে পারছি না। নিয়মিত খেলা আমি না দেখলেও যখন দেখতে বসি বেশ মনোযোগ সহকারে পুরো খেলাটা উপভোগ করার চেষ্টা করি।