বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনার রামকৃষ্ণপুর বাজারে অগ্নিকান্ড

news-image

আবু রায়হান চৌধুরী, হোমনা  : কুমিল্লার হোমনা উপজেলার গুরুত্বপূর্ণ ব্যবসায়ীক ও ব্যস্থতম স্থান রামকৃষ্ণপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে নগদ অর্থসহ ব্যাপক ক্ষয়-ক্ষতি সাধিত হয়েছে। অগ্নিকান্ডে অন্তত ২৬টি দোকান পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এতে অন্তত ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্থ মালিক ও ব্যবসায়ীরা। এছাড়াও আগুনের আঁচে আশ-পাশের আরও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। শনিবার রাত ৯টার দিকে রামকৃষ্ণপুর দুধ বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রথমে সাধারণ জনতা আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে একে একে পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর,হোমনা ও মুরাদনগর ফায়ার সার্ভিসের তিনটি টিম তিন ঘণ্টার অক্লান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের অভিযোগ,আগুন লাগার অন্তত এক ঘণ্টার অধিক সময় পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পৌঁছায়।

ভিড় সামলাতে হোমনা থানার ওসি রসুল আহমেদ নিজামী ও পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী নাজমুল হকের নেতৃত্বে পুলিশ বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী তারেক এন্টারপ্রাইজের মালিক মো. এনামুল হক বলেন, ‘আমার দুইটি স্যানিটারি,ইলেকট্রিক,গ্যাস সরঞ্জামের দোকান ও গোডাউনের ৭০ লাখ টাকার মালামাল এবং প্রায় ৭৫ লাখ টাকার বকেয়া হিসাবের খাতা, শিবলী এন্টারপ্রাইজের মালিক আবদুল হালিম বলেন, তার সব শেষ হয়ে গেছে। তার দুইটি দোকানের প্রায় ৭০ লাখ টাকার টিভি-ফ্রিজ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

এছাড়া এছাড়া প্রাথমিকভাবে পাওয়া তথ্যানুযায়ী- বিসমিল্লাহ্ ইলেকট্রিকের ১০ লাখ টাকা,মোস্তফার ফার্নিচার দোকান প্রায় ১০ লাখ,তানিয়া ক্রোকারিজের ২০লাখ,আদিবা টেলিকম ৫ লাখ,মায়ের দোয়া বস্ত্র বিতান ১০ লাখ, মোল্লা ফ্যাশন ৭ লাখ,হোমিও ফার্মেসি ৫০ হাজার,আমির হোসেনের ক্রোকারিজ ১০ লাখ,পলাশ স্টুডিও ৫ লাখ,জুতার দোকান ২ লাখ,জাহাঙ্গীর আলমের সানমুন টেইলার্স ৩ লাখ,সেন্টু মিয়ার কাপড়ের দোকান ৭ লাখ, দুলাল মিয়ার বস্ত্র বিতান ৫ লাখ, শহিদল্লাহর সরকার এন্টারপ্রাইজ ৩ লাখ,আমজাদ হোসেনের অ্যারাবিয়ান টেইলার্স ৮ লাখ,রবি মুন্সির কাপড়ের দোকান ৩ লাখ,একটি পাইকারী মুদি দোকান ২০ লাখ,বলাইয়ের কাপড়ের দোকান ৫ লাখ,মোশারফ হোসেনের আলখামিস ইলেকট্রিক ১০ লাখ,ফার্মেসি ৮ লাখ, জয়নাল হার্ডওয়্যার ৪ লাখ টাকার মালাামালসহ প্রায় ৬ কোটি টাকার মালামাল পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়।

আওয়ামীলীগ নেতা,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ¦ এনামুল হক ইমন,উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো.আজিজুর রহমান মোল্লা, ইউএনও খান মো.নাজমুস শোয়েব,সহকারী কমিশনার (ভূমি) মো. সাজেদুল ইসলাম ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সেলিমা আহমেদ মেরির পক্ষে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন,যুগ্ন-সাধারণ সম্পাদক গাজী ইলিয়াস,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মহসীন সরকার,যুবলীগ নেতা হারুন অর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

হোমনা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো.আক্তারুজ্জামান দেরিতে পৌঁছানো এবং ক্ষয়-ক্ষতির পরিমান সম্পর্কে বলেন, রাস্তা ভালো না হওয়ায় ঘটনাস্থলে পৌঁছতে দেরি হয়েছে। সঠিক তদন্ত ছাড়া অগ্নিকান্ডের কারণ এবং ক্ষয়-ক্ষতির পরিমান বলা যাচ্ছে না।

ফায়ার সর্ভিস প্রকৃত কারণ জানাতে না পারলেও স্থানীয়রা মনে করছেন, বৈদ্যুতিক সর্ট সার্কিট অথবা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে।