ব্যক্তি নয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মালিক বাংলাদেশ সরকার : সংসদে প্রধানমন্ত্রী
সংসদ প্রতিবেদক: কোনো ব্যক্তি নয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মালিক বাংলাদেশ সরকার, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা স্যাটেলাইটের মালিকানা নিয়ে প্রশ্ন তোলে তারা অর্বাচীন বলেও মন্তব্য করেন তিনি। আজ বুধবার দশম জাতীয় সংসদের ২১তম বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘স্যাটেলাইট পৃথিবীর বহু দেশ অনেক আগে উৎক্ষেপণ করেছে। কিন্তু বাংলাদেশ এ ব্যাপারে কখনো চিন্তাই করেনি, যে স্যাটেলাইট উৎক্ষেপণ করা যাবে, আমরা এটা করেছি।’
যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার কথা বলে তিনি আরও বলেন, ‘বিশ্বে যখনই কোনো নতুন প্রযুক্তি আসবে, সেটা নিয়ে যেন আমরা গবেষণা করতে পারি, ধারণ করতে পারি, আমরা ব্যবহার করতে পারি, কিভাবে ব্যবহার উপযোগী হয় সেটাই আমরা করব। এখন স্যাটেলাইটের যুগ, স্যাটেলাইট আমরা পাঠিয়েছি। এখন দেখি বিশ্বে আবার নতুন আরেকটা কি যুগ আসে। আমরা সেদিকেও যাব।’
প্রধানমন্ত্রী বলেন, ‘যেহেতু একটা স্যাটেলাইটের আয়ুষ্কাল থাকে ১৫ বছর। এটা বানাতেও সময় লাগে। কোনো জিনিস ৫-৬ বছর ব্যবহার করার পর আয়ুষ্কাল ক্ষয় হয়। তাই কোনো সমস্যা যাতে সৃষ্টি না সেটা মাথায় রেখেই বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ এর কাজ করার এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। এটার সময় শেষ হলে তৃতীয়টির কাজ শুরু হবে। এভাবে পর্যায়ক্রমিকভাবে এর ধারাবাহিকতা যাতে বজায় থাকে এজন্য আমরা গবেষণা চালিয়ে যাব। এর মধ্যে আরও নতুন টেকনোলজি আসলে সেটার ওপর আমরা উদ্যোগ নেব।’
গবেষণার গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, ‘কৃষি থেকে শুরু করে ডাক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং প্রত্যেকটা ক্ষেত্রেই গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একমাত্র গবেষণার মধ্য দিয়ে একটা দেশ ও জাতি সমৃদ্ধি লাভ করতে পারে।’











