কক্সবাজারে বেকার হওয়ার আশঙ্কায় ৬ হাজার জেলে!
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের কলাতলীর পশ্চিমে গভীর সমুদ্র থেকে মহেশখালী পর্যন্ত বঙ্গোপসাগরের ২০ কিলোমিটারের মধ্যে মাছ ধরায় নিষেধাজ্ঞা চেয়েছে পেট্রোবাংলা। আমদানিকৃত এলএনজি বহনকারী জাহাজ ও ভাসমান টার্মিনালের নিরাপত্তার জন্য এ নিষেধাজ্ঞা চায় সংস্থাটি। যারফলে কক্সবাজারে মৎস্য সংকট হওয়ার পাশাপাশি কয়েক হাজার জেলে কর্মসংস্থান হারানোর আশঙ্কা করছেন কক্সবাজারের স্থানীয়রা।
প্রাপ্ত তথ্যে জানা যায়, মহেশখালী দ্বীপ থেকে সাড়ে তিন-চার কিলোমিটার দূর সমুদ্রে পেট্রোবাংলার ভাসমান এলএনজি টার্মিনালের অবস্থান। সেখান থেকে ২ দশমিক ২৯ কিলোমিটার উত্তরে সামিট পাওয়ারের এলএনজি টার্মিনালটি নির্মাণের কথা রয়েছে। আর পেট্রোবাংলার এলএনজি টার্মিনাল থেকে ১৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং কলাতলী সৈকত থেকে ১৭ কিলোমিটার পশ্চিমে নোঙর করে রাখা হবে এলএনজিবাহী জাহাজ। ফলে জাহাজ নোঙর করার অবস্থান থেকে পেট্রোবাংলা ও সামিটের ভাসমান টার্মিনাল পর্যন্ত মোট ২০ কিলোমিটার উপকূলজুড়ে এলএনজি প্রকল্পের নিরাপত্তার জন্য কলাতলী থেকে মহেশখালী দ্বীপ পর্যন্ত মৎষ্য শিকার বন্ধ করতে পেট্রোবাংলার কাছে অনুরোধ করেছে টার্মিনাল মনিটরিংয়ের দায়িত্বে থাকা রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল)।
প্রতিষ্ঠানটি জানায়, কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে সমুদ্রপথে এলএনজি নিয়ে আসা জাহাজ, সার্ভিস ভেসেল ও ভাসমান টার্মিনালের নিরাপত্তা বাংলাদেশ সরকারকে নিশ্চিত করতে হবে। তাই এলএনজি প্রকল্প এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে অনুরোধ করতে পেট্রোবাংলার কাছে চিঠি দেয়া হয়েছে। পরে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য গত ২১ মে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে চিঠি দেয় পেট্রোবাংলা।
এ খবর জেলেদের মাঝে ছড়িয়ে পড়ায় হতাশ হয়ে পড়েছেন অনেকেই। মহেশখালীর মৎস্যজীবী নেতা আনসার উল্লাহ জানিয়েছেন, পেট্রোবাংলার দাবি বাস্তবায়ন হলে কক্সবাজারে শুটকি উৎপাদন বন্ধ হয়ে যাবে। বাজারে মাছের সংকট দেখা দিবে। যে এলাকা থেকে মৎস্য আহরণ বন্ধ করতে চেয়েছে ওই এলাকা থেকে কক্সবাজারের ৯০ ভাগ মাছ যোগান আসে। এ ছাড়া রয়েছে একটি ইলিশ প্রজনন অভায়রণ্য। এ ধরণের দাবী আমরা কোন ভাবেই মেনে নেব না।
জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়ন (নিবন্ধিত) এর সভাপতি আবদুল হালিম মাঝি জানিয়েছেন, আমরা কোনভাবেই এমন কর্মকাণ্ড মেনে নেব না। প্রয়োজনে প্রতিবাদ কর্মসূচী ঘোষণা করা হবে। এই ২০ কিলোমিটারে একদিনের জন্যও যদি মাছ ধরা বন্ধ থাকে হাজারো পরিবারকে না খেয়ে থাকতে হয়।
পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো. ফয়েজউল্লাহ জানান , এলএনজিবাহী জাহাজ চলাচলের সময় সাগরে জাল থাকলে জাহাজ আটকে যাওয়ার ঝুঁকি থাকে। তাই ঝুঁকি এড়াতে এবং বিদেশী ভাসমান টার্মিনাল, পোর্ট সার্ভিস ভেসেল এবং বোটের নিরাপত্তায় মাছ ধরা বন্ধ রাখার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। তবে এটা সব সময়ের জন্য নয়, কেবল জাহাজ চলাচলের সময় বন্ধ করার কথা বলা হয়েছে।











