বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের চিকিৎসায় ভরসা রাখলেন বুলবুল

news-image

বিনোদন ডেস্ক: কিংবদন্তি গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল অসুস্থ। তার হার্টে ৮টি ব্লক ধরা পড়েছে। সরকারি কোনো সহযোগিতা না চাইলেও তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেই মোতাবেক আহমেদ ইমতিয়াজ বুলবুলের চিকিৎসার দায়িত্বে রয়েছেন ড. জুলফিকার লেনিন। তার তত্ত্বাবধানেই মিরপুর হার্ট ফাউন্ডেশন, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও স্কয়ার হাসপাতালে একজন ভারতীয় হৃদরোগ বিশেষজ্ঞ বুলবুলের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। কিন্তু তেমন কোনো আশানুরূপ সাড়া মেলেনি। আর এমনই পরিস্থিতিতে আহমেদ ইমতিয়াজ বুলবুল নিজেই সিদ্ধান্ত নিয়েছেন যে, তিনি দেশের সরকারি হাসপাতালে দেশীয় চিকিৎসকদের কাছেই চিকিৎসা নেবেন। অর্থাৎ তার চিকিৎসা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটেই হবে।

বিষয়টি জানান ড. জুলফিকার লেনিন। ফেসবুকের মাধ্যমে তিনি বলেন, আহমেদ ইমতিয়াজ বুলবুল-স্বনামধন্য মুক্তিযাদ্ধা, একজন গায়ক, একজন সুরকার, একজন গীতিকার। উনার চিকিৎসার ব্যপারে অনেক চিকিৎসকের সাথে পরামর্শ করেছি। সর্বশেষ গত শুক্রবার স্কয়ার হাসপাতালে ভর্তির উদ্দেশ্যে ওখানকার একজন ইন্ডিয়ান সার্জনকে দেখানো হলো। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে সবাই খুব আন্তরিক ছিলেন। কিন্তু চিকিৎসক কোনো আশা দিতে পারলেন না। শেষপর্যন্ত বুলবুল ভাই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটেই তার চিকিৎসা করাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

এই চিকিৎসক আরো জানান, অধিকাংশ বিশেষজ্ঞের মতে আহমেদ ইমতিয়াজ বুলবুলের হার্টে সার্জারি করানোর চেয়ে রিং বসানো শ্রেয়। প্রাথমিক পর্যায়ে ৩টি রিং পরালেই চলবে। এজন্য আগামী সপ্তাহে বা ঈদের পর আহমেদ ইমতিয়াজ বুলবুলকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করানো হবে।

উল্লেখ্য, বাংলা গানের অনন্য এক ইতিহাসের নাম আহমেদ ইমতিয়াজ বুলবুল। সত্তরের দশকের শেষ দিক থেকে তার পথচলা। বর্ণাঢ্য সংগীত জীবনে তিনি সৃষ্টি করেছেন অসংখ্য শ্রোতাপ্রিয় কালজয়ী গান। তার লেখা ও সুরে গান গেয়েছেন অনেক বরেণ্য শিল্পী। এর মধ্যে রয়েছেন সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদি, রুনা লায়লা, এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, খালিদ হাসান মিলুসহ আরো অনেকেই। দীর্ঘ ক্যারিয়ারে বুলবুল একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও রাষ্ট্রপতির পুরস্কারসহ অনেক সম্মাননায় ভূষিত হয়েছেন।সূত্র: বাংলাদেশ জার্নাল