বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আট জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১২

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের আট জেলায় কথিত বন্দুকযুদ্ধে আজ শনিবারও ১২ জন নিহত হয়েছেন। আইন-শৃঙ্খলা বাহিনীর দাবি, নিহতদের মধ্যে ১১ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একজন ডাকাত। এদের মধ্যে কুমিল্লায় ২ জন, দিনাজপুরে ২, জয়পুরহাটে ১, ফেনীতে ১, ঠাকুরগাঁওয়ে ১, ময়মনসিংহে ১ এবং পাবনা ও চাঁদপুরে ৪ জন রয়েছেন।
প্রতিনিধিদের পাঠানো খবর-

কুমিল্লা: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন।পুলিশের দাবি, তারা দুইজনই মাদক ব্যবসায়ী।গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার বাগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের বাবুল উপজেলার আশাবড়ি এলাকার মালেকের ছেলে।তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ ১৬টি মামলা রয়েছে। অপরজন হলেন আলমাস একই উপজেলা উত্তর তেতাভূমি এলাকার আফাজ উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে।

শাহজানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান কবির জানান, গোপন খবর পেয়ে একটি দল অভিযানে নামে। এসময় মাদক ব্যবসায়ী বাবুল ও আলমাস তার সহযোগীদের নিয়ে সেখানে যান।তাদের আটকের চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে তারা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে আহত হয় বাবুল ও আলমাস। এসময় তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে সেখানে তাদের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে পিস্তল, ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানান।

দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জ ও রামসাগর উপজেলায় র‌্যাবে ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। পুলিশ ও র‌্যাবের ভাষ্য, নিহতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। নিহতরা হলেন- সাদমাতুল্লাহ ও আব্দুস সালাম।
জয়পুরহাট: জয়পুরহাট র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে মাদক ব্যবসায়ীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন। গতকাল শুক্রবার রাতে জয়পুরহাটের পাঁচবিবি থানার ভিমপুর এলাকা এ ঘটনা ঘটে। গুলি বিনিময়ের পর ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান আমাদের সময়কে জানান, নিহত দুজনই চিহ্নিত মাদক ব্যবসায়ী।
ফেনী: ফেনীর সদর উপজেলায় কবির হোসেন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, তিনি ডাকাত দলের সদস্য। এসময় উদ্ধার করা হয় বন্দুক ও ২ টি কার্তুজ। আজ শনিবার ভোরে উপজেলার কাজিবাগ ইউনিয়নের রুহিতিয়া ব্রিক ফিল্ডের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত কবির ফেনীর পরশুরাম উপজেলার আবদুল খালেকের ছেলে।পুলিশের ধারনা, দুই দল ডাকাতের মধ্যে ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে বন্দুক যুদ্ধে তিনি নিহত হয়েছেন।
ফেনী মডেল থানার পরিদর্শক রাশেদ খান চেীধুরী জানায়, ভোরে রুহিতিয়া ব্রিক ফিল্ড এলাকায় গোলাগুলির খবর পায় পুলিশ। পরে সেখানে যাওয়ার আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে কবির হোসেন নামে এক ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এসময় একটি বন্দুকও ২ কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশের ও কর্মকর্তা আরও জানান, কবিররে বিরুদ্ধে ডাকাতি ও মাদকের প্রায় ১০ টি মামলা রয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে পুলিশের সঙ্গে কথিত বন্ধুকযুদ্ধে মোবারক হোসেন কুট্টি (৪৪) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩ পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় বিস্ফোরিত ৫টি ককটেল বন্দুকের কার্টিজ ও বেশকিছু দেশীয় অস্ত্র। আজ শনিবার ভোরে সদর উপজেলার পশ্চিম বেগুনবাড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম বেগুন বাড়ি এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় কুট্টিসহ কয়েকজন মাদক ব্যবসায়ী পুলিশের উপর হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে মাদক ব্যবসায়ীরাও পুলিশকে লক্ষ্য করে পাল্টাগুলি চালায়। এতে কুট্টি গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং আহত হন পুলিশের ৩ সদস্য।

নিহত মোবারক হোসেন কুট্টি সদর উপজেলার ছিট চিলারং গ্রামের মৃত শফির উদ্দিনের ছেলে। কুট্টির বিরুদ্ধে সদর থানায় ১৫টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
ময়মনসিংহ: ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শাহজাহান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, তিনি চিহ্নত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় ৮ টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, মাদক ব্যবসায়ীরা টাকা ভাগাভাগি করছে এমন খবর পেয়ে অভিযান চালায় তারা। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। পাল্টা গুলি চালালে আহত হয় শাহজাহান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের দাবি, এঘটনায় তাদের চার সদস্য আহত হয়েছে।
এ ছাড়াও পাবনা ও চাঁদপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৪ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।