,

‘প্রশ্নই শুনতে পাইনি উত্তর দেব কীভাবে’

news-image

ডেস্ক রিপোর্ট : দীর্ঘ চার বছর পর চলতি বছর চ্যানেল আই প্রেজেন্টস লাক্স-সুপার স্টার প্রতিযোগিতার আয়োজন হয়। তাই স্বাভাবিকভাবেই এ প্রতিযোগিতা নিয়ে বাড়তি আগ্রহ লক্ষ করা গেছে সবার মাঝে। এবারের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন মিম মানতাশা। প্রথম রানার-আপ হয়েছেন সারওয়াত আজাদ বৃষ্টি ও দ্বিতীয় রানার-আপ সামিয়া অথৈ। এদিকে গতকাল টকিজের মুখোমুখি হয়ে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সামিয়া অথৈ জানিয়েছেন, গ্র্যান্ড ফিনালের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্বে তাকে যে প্রশ্ন করা হয়েছিল, শোরগোলের কারণে তিনি নাকি তা শুনতেই পাননি। পাঠকদের সামনে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ থেকে শুরু করে সর্বশেষ সেরা তিনে জায়গা করে নেয়া প্রসঙ্গে সামিয়া অথৈর কথা তুলে ধরা হলো:

লাক্স-চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিলেন, পুরস্কৃতও হলেন— সব মিলিয়ে আপনার অনুভূতি প্রকাশ করুন।

ছোটবেলা থেকেই আমার অভিনয়শিল্পী হওয়ার স্বপ্ন ছিল। সে চিন্তা থেকেই এ প্রতিযোগিতায় অংশ নিই। যেহেতু এ প্লাটফর্মের মাধ্যমে নিজেকে নতুনভাবে আবিষ্কার করা যায়, সক্ষমতা তুলে ধরার ভালো সুযোগ আসে, সেহেতু আমিও অনুধাবন করলাম, নিজেকে নতুন করে আবিষ্কার করব। যাহোক, এখানে আমাকে যেসব বিষয়ের মুখোমুখি দাঁড় করানো হয়েছে, তাতে চেষ্টা করেছি নিজের সেরাটা দেয়ার।

এ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার-আপ হয়েছেন। আরো উপরে ওঠার স্বপ্ন তো দেখেছিলেন নিশ্চয়ই?

শুধু এতটুকু ভেবেছিলাম, আমি আমার দায়িত্ব পালন করেছি এবং বিচারকরা যে রায় দেবে, সেটাই মেনে নেব। যে রায় দেয়া হয়েছে, তা নিয়ে আমার কোনো কষ্ট নেই। কারণ আমি বিশ্বাস করি, এ প্রতিযোগিতায় আমার প্রাপ্তি শূন্য নয়। সেদিন (গ্র্যান্ড ফিনালে) হয়তো সেরার মুকুটটি অর্জন করতে পারিনি কিন্তু এখান থেকে যে শিক্ষা নিয়ে ফিরেছি, তা অনেক বড় পাওয়া আমার জন্য।

আলাপনের এ পর্যায়ে সামিয়া অথৈ নিজ থেকেই টকিজকে বলেন…

সত্যি বলতে কি, প্রশ্নোত্তর পর্বে আমাকে যে প্রশ্নটা করা হয়েছিল, তা তো আমি শুনতেই পাইনি, উত্তর দেব কীভাবে? যাহোক, আমি বিশ্বাস করি, একটা প্রশ্নের উত্তর না দিতে পারার কারণে কখনো কাউকে তার যোগ্যতাকে অবমূল্যায়ন করার কথা নয়। তবে এতটুকু বলব, হয়তো সেরা হতে পারিনি কিন্তু আমি আমার কাজ দিয়ে এ ইন্ডাস্ট্রির সবার মন জয় করব একদিন।

আপনি প্রশ্ন শুনতে পাননি ঠিক আছে। কিন্তু পুনরায় বলেছিলেন, শুনতে পাননি?

হ্যাঁ, আমি বলেছিলাম। মাননীয় সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর পুনরায় প্রশ্নটি করেও ছিলেন। কিন্তু শোরগোল বেশি থাকায় দ্বিতীয়বারও শুনতে পাইনি। তখন শুনতে পেলে দারুণভাবে উত্তরটা দিতে পারতাম, এতে কোনো সন্দেহ নেই। অবশ্য আমার মনে হয়, আমি এখান থেকে অনেক কিছু পেয়েছি, তাই মন খারাপ করিনি।

এ প্রতিযোগিতায় নাম লেখানো প্রসঙ্গে বলুন?

আমি সত্যিই ভাগ্যবান, ১২ হাজারেরও বেশি প্রার্থী এবারের প্রতিযোগিতায় নাম নিবন্ধন করেছিলেন। সেখানে আমার নিবন্ধন নম্বর ছিল ডিএইচকে ০০১। তার মানে, এত প্রতিযোগীর মধ্যে আমিই প্রথম নিবন্ধন করেছিলাম। এবং শেষ পর্যন্ত নিজেকে সেরাদের কাতারে রাখতে পেরে গর্ব বোধ করছি। এর ফলে একটা আত্মবিশ্বাস আমার মধ্যে জন্মেছে, যত বাধাই আসুক না কেন আমি আমার কাজটি করতে পারব।

এমন উদাহরণ আছে, এ রকম বড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেও অনেকে মিডিয়ায় টিকে থাকতে ব্যর্থ হন। সামনের দিনগুলো কীভাবে প্রস্তুতি নিতে চান?

গেল তিন মাসে এ প্রতিযোগিতার মাধ্যমে অভিনয় ও র্যাম্পে হাঁটাসহ অনেক কিছুই শিখেছি। যেহেতু ছোটবেলার স্বপ্ন অভিনয়শিল্পী হব, সেহেতু এখন থেকে নিজেকে সে লক্ষ্যে প্রতিষ্ঠার চেষ্টা করব। সামনের প্রতিটি কাজ দেখেশুনে করতে চাই। আমি চাই, আমাকে দেখে আরো অসংখ্য নারী অনুপ্রাণিত হবে। একজন সাধারণ মেয়ে থেকে আমি যদি নিজেকে আজ এত দূর পর্যন্ত আনতে পারি, অন্যরা কেন পারবে না? সামনে যারা কাজ করতে আসবে, তারা নিজেদের দুবর্লতা ভুলে স্বপ্ন বাস্তবায়নের শপথ নিয়ে কাজ করবে— এমন প্রেরণাই আমার কাছ থেকে যেন পায়, সে চেষ্টা করব।

পুরো তিন মাসের লম্বা জার্নিতে কী মনে হচ্ছে, সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে সুন্দর মুখই খোঁজা হয়, নাকি অন্যসব যোগ্যতাকেও প্রাধান্য দেয়া হয়?

অবশ্যই বিশ্বাস করি, সুন্দর বলতে শুধু চেহারা, গায়ের রঙ বোঝায় না। আমি মনে করি, একজন মানুষের মূল সৌন্দর্য তার ব্যক্তিত্ব, আচার-আচরণ ও কীভাবে সে নিজেকে অন্য সবার কাছে উপস্থাপন করছে। যদি সুন্দর মুখই খোঁজা হতো, তাহলে সুন্দর মুখের কেউই এ প্রতিযোগিতা থেকে বাদ পড়ত না। আমাদের বিচারকরা শুধু চেহারা নয়, আমাদের গুণ, যোগ্যতা, আত্মবিশ্বাস ও পরিশ্রমের মতো বিষয়গুলোকে বেশি বিবেচনায় রেখেছেন।

পথচলায় আপনার প্রধান অনুপ্রেরণা কে?

প্রথম আমি নিজেই আমার অনুপ্রেরণা। আর তার পরই আমার মা। কারণ শুরু থেকেই তিনি আমার স্বপ্নকে বাস্তবায়ন করতে তত্পর ছিলেন।

সূত্র : বণিক বার্তা

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে