‘মানুষ মরতে থাকবেই, মরুক!’
নিউজ ডেস্ক : ট্রাফিক আইনের পরিবর্তন প্রয়োজন উল্লেখ করে আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছেন, ট্রাফিক ল’ চেঞ্জ হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। দেশের লোক যদি মনে করে ট্রাফিক ল’ চেঞ্জ হওয়া দরকার, চেঞ্জ হবে। যদি মনে করে চেঞ্জ হওয়ার প্রয়োজন নেই, তাহলে হবে না। মানুষ মরতে থাকবেই, মরুক!
সোমবার (৩০ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন কমিশনের সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবির।
প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক শেষে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক বলেন, কমার্শিয়াল কোর্ট, কমার্শিয়াল ডিসপিউট ও আর্বিট্রেশন নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের অনেক আর্বিট্রেশন সিঙ্গাপুরে চলে যায়। আমাদের দেশের আর্বিট্রেশন কোর্টগুলো আরো ইফিশিয়েন্ট করা জরুরি। বাংলাদেশ ইনভেস্টমেন্ট অথরিটির আইন চেঞ্জ করার জন্য অলরেডি ফিল্ড ওয়ার্ক শুরু করে দিয়েছি। আর্বিট্রেশন অ্যাক্ট কিভাবে আরো কার্যকরী করা সম্ভব যাতে অল্প সময়ের মধ্যে কম খরচে আর্বিট্রেশন হতে পারে।
তিনি বলেন, দেশে যত ইনভেস্টমেন্ট বাড়বে তত কমার্শিয়াল ডিসপিউট বাড়বে। ডিসপিউট বাড়লে হয় কোর্টে যাবে নয় আর্বিট্রেশনে যাবে। আমাদের দেশের কোর্টগুলো সিআরপিসির আন্ডারে। এখানে কমার্শিয়াল ডিসপিউট রিজলভ করতে গেলে অনেক সময় লাগে। তার কারণে ইনভেস্টমেন্ট শাইআউট হচ্ছে না।
কমার্শিয়াল কোর্ট কিভাবে যুগপোযোগী করা যায়, নতুন কোর্ট করার প্রয়োজন আছে কিনা, এ ব্যাপারে আলাপ-আলোচনা করেছি। কারণ চিফ জাস্টিসের মতামত গুরুত্ববহন করে বলে জানান বিচারপতি খায়রুল হক।
তিনি বলেন, ট্রাফিক ল’ নিয়ে আলোচনা করেছি। ট্রাফিক ল’ চেঞ্জ প্রয়োজন বলে আমি মনে করি। দেশের লোক যদি মনে ট্রাফিক ল চেঞ্জ হওয়া দরকার, চেঞ্জ হবে। আর যদি দেশের লোক মনে করে চেঞ্জ হওয়ার প্রয়োজন নেই তাহলে হবে না। মানুষ মরতে থাকবেই, মরুক।











