বেপরোয়া চালকের হাতে যাত্রীর প্রাণ
নিজস্ব প্রতিবেদক : দু’চোখ মেলে মেয়েটি ফ্যাল ফ্যাল তাকিয়ে থাকে। কিছুই দেখতে পায় না। কারণ সে দৃষ্টিশক্তি হারিয়েছে। তাঁর পুরো শরীর অসার। হুইল চেয়ার ছাড়া কোথাও নিয়ে যাওয়া যায় না তাঁকে। জীবন বাঁচিয়ে রাখতে টানা ২১ মাস তাঁকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছিলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। সেখান থেকে সাভারের সিআরপিতে নির্দিষ্ট চার মাস চিকিৎসা শেষে পাশের ’জেলা স্পেশাল থেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে’ ভর্তি করা হয়। সেখানে সে গত ছয় মাস লড়ে যাচ্ছে তীব্র যন্ত্রণার সঙ্গে। নোয়াখালি বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী রিহাম আফসানা। গত প্রায় ৩০ মাস সে যুদ্ধ করছে মৃত্যুর সঙ্গে।
আফসানাকে পরিচিত জনেরা আদর করে ডাকত চামেলী। তার বাবা মিজানুর রহমান গত মঙ্গলবার রাতে কালের কণ্ঠ প্রধান কার্যালয়ে এসে মেয়ের জীবন বাঁচানোর ব্যাকুল আকুতি জানান। দোকান ও জমি বিক্রি করেছেন। মেয়ের চিকিৎসার জন্য খরচ করেছেন ৪০ লাখ টাকা। বর্তমানে প্রতি মাসে চিকিৎসার জন্য খরচ হচ্ছে ২৫ হাজার টাকা। মেয়ের চিকিৎসার জন্য আর যে অর্থ জোগাবেন সেই সামর্থ তাঁর আর নেই।
দুর্বিষহ যন্ত্রণা নিয়ে প্রাণে বেঁচে থাকা চামেলীর এ অবস্থার জন্য দায়ি সড়ক দুর্ঘটনা। ২০১৫ সালের ২ সেপ্টেম্বর নোয়াখালির বসুরহাট-কবিরহাট সড়কে বাস ও অটোরিকশার বেপরোয়া চলাচলে তাঁর জীবনে নেমে আসে এই অবর্ননীয় অন্ধকার। গতকাল বুধবার বিকেলে নোয়াখালির কোম্পানিগঞ্জ থানায় খোঁজ নিলে সাব ইন্সপেক্টর সৈকত দাশগুপ্ত কালের কণ্ঠকে জানান, দুর্ঘটনার দিন ছিলো বৃষ্টি। এর মধ্যে বাস ও অটোরিকশা চালক প্রতিযোগিতা করে তীব্র গতিতে গাড়ি চালাচ্ছিল। চামেলি ছিলো অটোরিক্সার যাত্রী। দুই চালকের অন্যায় প্রতিযোগিতার শিকার হয়ে যান চামেলি। ওই দুর্ঘটনায় মারা যান চামেলির চাচাতো বোন সায়মা আফনান। এর ১ মাস ১৭ দিন আগে বিয়ে হয়েছিলো সায়মার। মামলার তদন্ত শেষ করে এক বছর আগে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। সৈকত জানান, অটোচালক রাশেদ পলাতক ছিল। সমন জারি হলে তাকে গ্রেপ্তার করা হয়। বাস চালক আবুল কালাম আদালতে হাজির হয়।
চামেলির বাবা মিজানুর রহমান জানান, পুলিশের তদন্ত কর্মকর্তা ব্যক্তিগতভাবে তাকে ৫ হাজাার টাকা সহায়তা দিয়েছেন। কিন্তু আর কেউ তার মেয়ের চিকিৎসার জন্য সহায়তা করেনি। চামেলি থুতনি, দাঁত, বাঁ হাত ও মাথায় আঘাত প্রাপ্ত হয়।
দুর্ঘটনার পর থেকে চামেলির গোটা পরিবার তছনছ হয়ে গেছে। লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে স্নাতকে পড়া একমাত্র ভাই ইফতেখারের। মা জিন্নাতুননেছার অসহায় দিন কাটে মেয়ের পাশে।
দিনে ১১ প্রাণহানি : বিভিন্ন বেসরকারি সংস্থার হিসাবে, দেশে প্রতিদিন গড়ে দুর্ঘটনায় সড়ক-মহাসড়কে ১১ জনের প্রাণহানি ঘটছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান অনুসারে, ২০১৭ সালে আগের বছরের চেয়ে সড়ক দুর্ঘটনায় ২২ শতাংশ প্রাণহানি বেড়েছে। নিরাপদ সড়ক চাই-নিসচার তথ্যানুসারে- ২০১৭ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে ৫ হাজার ৬৪৫ জনের। সংস্থাটির হিসাবে, ২০১৬ সালের চেয়ে দেড় হাজার মৃত্যু বেড়েছে ২০১৭ সালে।
সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বেরিয়ে এসেছে- গাড়ির অতি গতি, গাড়ি চালানোর লাইসেন্স না থাকা, চালকের দক্ষতার অভাব, সড়ক-মহাসড়কের বেহাল অবস্থা, গাড়ির ফিটনেস না থাকা ইত্যাদি কারণ। এসব কারণেই সড়কে প্রতিনিয়ত ঝরছে প্রাণ। আর দুর্ঘটনার কারণ তদন্তে দেখা গেছে, ৯০ শতাংশ দুর্ঘটনার কারণ ‘নিয়ন্ত্রণহীন গতি’। বুয়েটের সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন থানার দুর্ঘটনা সংক্রান্ত মামলা বিশ্লেষণ করে দেখিয়েছে, ১৯৯৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ৫৩ শতাংশ সড়ক দুর্ঘটনা ঘটেছে গাড়ির অতিরিক্ত গতির কারণে। চালকদের বেপরোয়া চালনায় দুর্ঘটনা ঘটেছে ৩৭ শতাংশ। রাস্তাসহ অন্যন্য ত্রুটির কারনে দুর্ঘটনা ঘটেছে ১০ শতাংশ। দুর্ঘটনার ৪৩ শতাংশই ঘটছে জাতীয় মহাসড়কে।
ব্র্যাকের গবেষণা তথ্য বলছে, দেশের ১৬টি মহাসড়কে বেশি দুর্ঘটনা ঘটছে। এর মধ্যে আছে- বনপাড়া-হাটিকুমরুল, চট্টগ্রাম-কক্সবাজার, ঢাকা-আরিচা, ঢাকা-বঙ্গবন্ধু সেতু, ঢাকা-বরিশাল, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-খুলনা, ঢাকা-মাওয়া, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-রংপুর, ঢাকা-সিলেট, ঢাকা-টাঙ্গাইল, যশোর-বেনাপোল, খুলনা-বরিশাল, খুলনা-যশোর এবং ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক। ব্র্যাকের গবেষণায় উঠে এসেছে, বছরে হাসপাতালে নেওয়ার পথে ও হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর প্রাণহানি ঘটে কমপক্ষে দুই হাজার। মহাসড়কে দুর্ঘটনার ৯৫ শতাংশই ঘটছে ৫৭ কিলোমিটারের মধ্যে। দুর্ঘটনাপ্রবন এলাকার মধ্যে আছে কুমিল্লা, চট্টগ্রাম, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও ঢাকা।
দুর্ঘটনা গবেষণা ইন্সটিটিউটের পরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন, গতিসীমা না মেনে গাড়ি চালানোর ফলে বেশিরভাগ দুর্ঘটনা ঘটছে। এক্ষেত্রে চালকদের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে তাদের দক্ষতা মাঠ পর্যায়ে পরীক্ষা করতে হবে। অনেক সময় প্রকৃতভাবে পরীক্ষা না নিয়ে লাইসেন্স দেওয়া হচ্ছে। লাইসেন্স দেওয়ার পর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না। যারা ওস্তাদের কাছে গাড়ি চালিয়ে বড় বাস ও ট্রাক চালাচ্ছে, তাদের প্রশিক্ষণ দরকার। গতি নিয়ন্ত্রণ তদারকির কেউ নেই। এজন্য আমরা ডিজিটাল জরিমানার ব্যবস্থাসহ একটি প্রকল্পের উন্নয়ন প্রকল্প ছক জমা দিয়েছি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে। তিনি জানান, সড়ক দুর্ঘটনায় নোয়াখালির চামেলীর মত কর্মক্ষম জনগোষ্ঠীর বড় অংশই অক্ষম হয়ে পড়ছে। সড়ক দুর্ঘটনায় বছরে ক্ষতি হচ্ছে ৪০ হাজার কোটি টাকা।
এদিকে, রাজধানীতে দুই শতাধিক রুটে রাজনৈতিক প্রভাবে রুট পারমিট দেওয়া, কোম্পানিভিত্তিক বাস পরিচালনা না করায় যাত্রীর জন্য প্রতিযোগিতা করে বেপরোয়া ও বিশৃংখল বাস চালানো হচ্ছে।
বিআরটিএ’র তথ্যানুসারে, রাজধানীর বিভিন্ন রুটে চলাচল করে প্রায় সাত হাজার বাস-মিনিবাস। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলা বাসগুলো রাখার জায়গা নেই। বিভিন্ন রুটের বাসগুলো রাস্তায় রেখে দেওয়া হয়। ঢাকা মহানগর আঞ্চলিক পরিবহন কমিটির হিসাবে, রাজধানীতে দুই শতাধিক রুট আছে। সবচেয়ে বেশি বাস-মিনিবাস চলে মিরপুর এলাকা থেকে। পল্লবী থেকে ৩১৫টি বাস চলাচল করে। মিরপুর চিড়িয়াখানা থেকে ১৫৮টি বাস ছাড়ে। বাসগুলো রাখা হয় চিড়িয়াখানার ফটকের সামনে রাস্তায়। এভাবে রাজধানীর বিভিন্ন রুটের বাস সড়কে যেমন রাখা হচ্ছে তেমনি চালানো হচ্ছে বিশৃংখলভাবে। রাস্তা দখল করে বাস রাখায় দুর থেকে আসা বাস অল্প জায়গার ভেতর চলে। এর মধ্যে আবার পথচারীদের পারাপার হতে হয়। তখন কোনো কোনো সময় দুই বাসের মাঝখান দিয়ে চলতে গিয়ে অঙ্গহানি ঘটছে যাত্রী ও পথচারীদের।
গত কদিন সরেজমিনে ঘুরে দেখা গেছে, রাজধানীর মগবাজার, ফার্মগেট, মিরপুর-১০, মিরপুর-১১, রামপুরা, পল্টন, গুলিস্তান, যাত্রাবাড়ি, সায়েদাবাদ অংশে পথচারীদের চলাচল করতে হচ্ছে প্রাণের ঝুঁকি নিয়ে। তার মধ্যে বাসের চাপায়, ট্রাকের চাপায় প্রাণ হারাচ্ছেন পথচারীরা। দুর্ঘটনা গবেষণা ইন্সটিটিউটের হিসাবে, রাজধানীতে দুর্ঘটনায় নিহতদের প্রায় ৬০ শতাংশ পথচারী।
বাস ট্রাক ছাড়াও অন্যান্য যানবাহনের ধাক্কায় পঙ্গু বা গুরুতর আহত হচ্ছেন পথচারী ও যাত্রীরা। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব খন্দকার মোজাম্মেল হক কালের কণ্ঠকে বলেন, কাকরাইলে গত কদিন আগে ফাল্গুন পরিবহনের বাস থেকে এক মহিলা যাত্রী নামার সঙ্গে সঙ্গে বাস চালক বাসটি জোরে চালাতে থাকেন। ফলে ওই যাত্রী অনেকটা পথ চেঁড়ছে যান।
গুলিস্তানে গতকাল বুধবার সকালে বাস থেকে নেমে অন্য আরেকটি বাসে উঠতে গিয়ে সিএনজি অটেরিকশার সঙ্গে ধাক্কা লেগে আহত হন পিনাকী রায়। তিনি কালের কণ্ঠকে বলেন, এভাবে চোখের সামনে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। তার হিসাব কে রাখে?
পুলিশ ও বিআরটিএ থেকে মোটরযান আইন লংঘনকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে। তবে বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট সীমিত। পদ আছে ১০টি, নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন ছয় জন। অভিযান চালানোর ক্ষেত্রে উভয় সংস্থার সমন্বয়ও থাকে না। এ ব্যপারে বিআরটিএ’র পরিচালক এফফোর্সমেন্ট নুর মোহাম্মদ বলেন, আমাদের অভিযান চলছে। বেশিরভাগ জেলায় জেলা প্রশাসকদের অভিযান চালাতে বলা হয়।
বিশিষ্ট চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীর ২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কের জোকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়ে ছিলেন। তাদের গাড়িকে চাপা দেওয়া চালকের যাবজ্জীবন সাজার রায় হয়েছে আদালতে। বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনার পর দায়ী চালকদের বড় অংশই পার পেয়ে যায় পুলিশ ও মালিকদের গোপন সমঝোতায়। উপযোগি আইন করে সঠিকভাবে তার বাস্তবায়ন হলে চালকদের বেপরোয়াভাব কমবে। জানা গেছে, সড়ক পরিবহন আইনের খসড়া আইন মন্ত্রণালয়ে আটকে আছে পরিবহন নেতাদের প্রভাবে। কারণ, এ আইনে বিভিন্ন অপরাধের জরিমানা ও কারাদণ্ড বিদ্যমান মোটরযান আইনের চেয়ে বেশি মাত্রায়।











