শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনার নজর এবার সংগঠনে

file (1)নবম সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে বিভিন্ন সময় 'সাংগঠনিক দৃঢ়তা' অর্জনের কর্মসূচি হাতে নিলেও তা বাস্তবায়ন করতে পারেনি আওয়ামী লীগ। সর্বশেষ দুই দফায় সম্মেলনের তারিখ নির্ধারণ করেও চূড়ান্ত পর্যায়ে পেঁৗছতে হোঁচট খেয়েছে দলটি। এবার তৃতীয় ধাপে সংগঠনের সর্বস্তরে সম্মেলন করে দল গোছানোর চূড়ান্ত মিশন নিয়ে মাঠে নামছে ৬৫ বছরের ঐতিহ্যবাহী এ রাজনৈতিক দলটি। এ লক্ষ্যে দলের হাইকমান্ড থেকে সাত সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে ১০টি সাংগঠনিক টিমও গঠন করা হয়েছে।
এ ব্যাপারে দলের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস যায়যায়দিনকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দল গোছানোর জন্য আগামী ডিসেম্বরকে ডেডলাইন নির্ধারণ করেছেন। এ সময়ের মধ্যেই সম্মেলন সংক্রান্ত সব কাজ চূড়ান্ত হবে।
দলীয় সূত্র জানিয়েছে, ৫ জানুয়ারি নির্বাচনের আগে বিরোধী দলের আন্দোলন ও সহিংসতার বিরুদ্ধে মাঠপর্যায়ে আওয়ামী লীগ দলগতভাবে তেমন কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি; বরং বিভিন্ন এলাকায় প্রশাসনকে আওয়ামী লীগের নেতাকর্মী ও সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে হয়েছে। দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর প্রশাসনিক অবস্থার আরো অবনতি হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ভর করে মোকাবেলা করতে হচ্ছে বিরোধী দলের সব কর্মসূচি। সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে দল গোছানো জরুরি বলে মনে করছেন দলের নীতিনির্ধারকরা।
জানা গেছে, বর্তমানে ২০ দলীয় জোট নেতারা রাজপথে সহিংসতার চেয়ে সংগঠন চাঙ্গা করতেই বেশি ব্যস্ত। এজন্য জেলায় জেলায় সাংগঠনিক সফর শুরু করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ডিসেম্বর পর্যন্ত দল গুছিয়ে জানুয়ারি থেকে টানা আন্দোলনে যাবে ২০ দলীয় জোটের এমন সিদ্ধান্তে কিছুটা উদ্বিগ্ন আওয়ামী লীগ। হাইকমান্ডের ভাবনা, বিরোধী মত দমনে প্রশাসনকে ব্যবহার করায় আওয়ামী লীগকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানামুখী সমালোচনা সহ্য করতে হয়েছে। এ কারণেই দলীয় মজবুতি অর্জন করে 'সাংগঠনিক প্রতিরোধ' গড়ে তোলার চেষ্টা করছে শাসন ক্ষমতায় থাকা দলটি।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দমন-নিপীড়নের বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে বিএনপি। সেই সঙ্গে শীর্ষনেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা, গ্রেপ্তার এবং গুম-অপহরণকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তারা। এজন্যই আগামী দিনে আওয়ামী লীগ যতদূর সম্ভব প্রশাসনকে এড়িয়ে যাবে, গড়ে তুলবে দলীয় প্রতিরোধ। তবে সহসাই এ অবস্থার পরিবর্তন ঘটবে না বলে দলীয় সূত্রে আভাস পাওয়া গেছে।
এ ব্যাপারে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন যায়যায়দিনকে বলেন, দল গোছাতে কমিটি গঠনের চূড়ান্ত রূপরেখা তৈরি হয়েছে। ইতোমধ্যে কয়েকটি জেলায় সম্মেলন শুরু হয়েছে। দলীয় সভানেত্রীর নির্দেশ অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই সর্বস্তরের সম্মেলন সম্পন্ন করা হবে। সম্মেলন কমিটিতে সাংগঠনিক সম্পাদকের সঙ্গে সভাপতিম-লী এবং উপদেষ্টাম-লীর সদস্যরা থাকায় বেশি সময়ের প্রয়োজন হবে না বলে তিনি জানান।
তথ্যানুসন্ধানে জানা গেছে, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনের প্রায় এক বছর পর প্রথম দল গোছানোর সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ। সে সময় ২০০৯ সালের অক্টোবর মাসে আয়োজিত দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে সময়সীমা নির্ধারণ করে ওয়ার্ড, ইউনিয়ন, পৌর, থানা ও জেলা সম্মেলন, বিভাগীয় সম্মেলন এবং উপকমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছিল। তৃণমূল চাঙ্গা করতে দায়িত্ব দেয়া হয়েছিল সাংগঠনিক সম্পাদকদের। কিন্তু সে সময় ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি এবং সহযোগী সংগঠনগুলোর সম্মেলন ছাড়া অধিকাংশ জেলা কমিটি গঠন করতে পারেননি দায়িত্বপ্রাপ্ত নেতারা। যার প্রভাব পড়ে ২০১০ সালে যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে জনমত গঠনের ক্ষেত্রে। দলীয় সভানেত্রী শেখ হাসিনা জেলা এবং বিভাগীয় পর্যায়ে মহাসমাবেশ করার অনুমতি দিলেও অধিকাংশ স্থানেই সেটি কার্যকর হয়নি।
এরপর দ্বিতীয় দফায় মাঠপর্যায়ে সংগঠনকে চাঙা করার জন্য ২০১০ সালের নভেম্বর থেকে তৃণমূলের নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেন আওয়ামী লীগ সভানেত্রী। ২০১৩ সালের মাঝামাঝি সময় পর্যন্ত চলমান ওই বৈঠকে ৭৩টি সাংগঠনিক জেলার মধ্যে অধিকাংশ জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। প্রতিটি বৈঠকেই তৃণমূলকে শক্তিশালী করার জন্য যত দ্রুত সম্ভব সম্মেলন দেয়ার আহ্বান জানান তিনি। কিন্তু তাতেও কাজ না হওয়ায় অস্বস্তিতে পড়ে দলটি।
সর্বশেষ দশম জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ২৬ মে দল গোছানোর সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ। ধানম-ি দলীয় কার্যালয়ে যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের এক বৈঠকে কয়েকটি জেলায় সম্মেলনের তারিখও ঘোষণা করেন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। এজন্য ১৫ জুলাইকে প্রাথমিক সময়সীমা হিসেবে ধরা হয়েছিল। কিন্তু শীর্ষ নেতাদের তদারকি ও সাংগঠনিক সম্পাদকের খোঁজ-খবরের অভাবে আটকে যায় ওইসব সম্মেলন।
সর্বশেষ গত শনিবার গণভবনে কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে যৌথসভায় সংগঠনের সর্বস্তরের কমিটি গঠন করে দল গোছানোর নির্দেশ দেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সংগঠনই আসল। এ সংগঠনকে সুসংহত করতে হবে। এজন্য সাংগঠনিক সম্পাদকসহ কার্যনির্বাহী এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের সাংগঠনিক সফর বাড়ানোর আহ্বান জানান সভানেত্রী। এছাড়া যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ দলের অঙ্গ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোকেও আরো গতিশীল হতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। 
দপ্তর সূত্র জানিয়েছে, দল গোছানোর মিশন বাস্তবায়নে সাত সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে ১০টি টিম গঠন করেছে আওয়ামী লীগ। টিমগুলোর মধ্যে রংপুর বিভাগের ৮টি সাংগঠনিক জেলার_ রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এবং নীলফামারীতে সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। এ ছাড়া আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য আবদুল লতিফ সিদ্দিকী, সতীশ চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপুমনি এমপি, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান নূর প্রমুখ এসব জেলায় দায়িত্ব পালন করবেন।
রাজশাহী বিভাগের ৯টি সাংগঠনিক জেলাগুলো হচ্ছে, জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী মহানগর এবং রাজশাহী। জেলাগুলোতে সমন্বয়ক হলেন দলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এ ছাড়া ওই বিভাগের দায়িত্ব পেয়েছেন দলের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান প্রমুখ।
খুলনা বিভাগের ১১টি সাংগঠনিক জেলা_ মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, খুলনা মহানগর ও জেলা, বাগেরহাট এবং সাতক্ষীরায় সমন্বয়কের দায়িত্বে পালন করবেন দলের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। এ ছাড়া আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, কাজী জাফরউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. মো. আবদুর রাজ্জাক, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস, বেগম মুন্নুজান সুফিয়ান প্রমুখ।
বরিশাল বিভাগের ৭ সাংগঠনিক জেলার মধ্যে রয়েছে, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল জেলা ও মহানগর, ঝালকাঠি এবং পিরোজপুর। এ এলাকায় সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এ ছাড়া দলটির উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আবুল হাসনাত আবদুল্লাাহ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন প্রমুখ।
ঢাকা বিভাগের ৫টি সাংগঠনিক জেলা_ ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুরের সমন্বয়ক হলেন দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। এ ছাড়া দলের সভাপতিম-লীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আবদুর রহমান, এ কে এম এনামুল হক শামীম এসব জেলায় দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া ঢাকা বিভাগের ৬টি সাংগঠনিক জেলা_ নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও ঢাকার সাংগঠনিক দায়িত্ব পালন করবেন দলের সভাপতিম-লীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, কাজী জাফরউল্লাহ, নূহ-উল-আলম লেনিন, উপদেষ্টা পরিষদের সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আবদুল মান্নান খান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. মো. আবদুর রাজ্জাক, মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস প্রমুখ।
ঢাকা বিভাগের ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এবং কিশোরগঞ্জ জেলায় দায়িত্ব পালন করবেন দলের সভাপতিম-লীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, আবদুল লতিফ সিদ্দিকী, অ্যাডভোকেট সাহারা খাতুন, সৈয়দ আশরাফুল ইসলাম, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ড. আবদুর রাজ্জাক, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।
সিলেট বিভাগের ৫টি সাংগঠনিক জেলা_ সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট মহানগর ও সিলেট জেলার সমন্বয়কের দায়িত্ব পালন করবেন দলের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ অ্যাডভোকেট। এ ছাড়া দায়িত্বে রয়েছেন_ দলের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল মাল আবদুল মুহিত, সুরঞ্জিত সেনগুপ্ত, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ প্রমুখ।
চট্টগ্রাম বিভাগের ৭টি সাংগঠনিক জেলা_ চট্টগ্রাম (উত্তর), চট্টগ্রাম (দক্ষিণ), চট্টগ্রাম মহানগর, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার জেলার সমন্বয়ক হলেন দলের সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর। এ ছাড়া দলের সভাপতিম-লীর সদস্য ওবায়দুল কাদের, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, স্থপতি ইয়াফেস ওসমান, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী প্রমুখ।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগের ৭ সাংগঠনিক জেলা_ নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা (উত্তর), কুমিল্লা (দক্ষিণ), চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালন করবেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপুমনি, অর্থ ও পরিকল্পনা সম্পাদক আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল), আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলী, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম প্রমুখ।