পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার মিলেছে ৫১ বস্তা টাকা। দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর শনিবার (২১ নভেম্বর) সকালে মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়। এ সময় বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালঙ্কার পাওয়া গেছে।
সকাল ৭টায় জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে দানবাক্স খোলার কার্যক্রম শুরু হয়। পরে বস্তায় ভরে টাকা মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। সেখানে চলছে গণনার কাজ।
টাকা গণনায় মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, ব্যাংক কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ অংশ নিয়েছেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, গণনা শেষে এবার দানের পরিমাণ আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।
এর আগে গত ২৭ জুন দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ৪৩ বস্তা টাকা। গণনা শেষে ওই সময় মোট দানের পরিমাণ দাঁড়ায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। পাশাপাশি পাওয়া যায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার।
সাধারণত তিন মাস পরপর দানবাক্স খোলা হলেও দানের পরিমাণ বাড়তে থাকায় এবার সময়ের ব্যবধান বেড়েছে। নতুন করে দুটি দানবাক্স যুক্ত হওয়ায় বর্তমানে মোট ১৩টি বাক্সে মানুষ দান করছেন।
প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য মানুষ পাগলা মসজিদে আসেন। ধর্মীয় বিশ্বাস ও মানত পূরণের আশায় অনেকে এখানে টাকা-পয়সার পাশাপাশি স্বর্ণালঙ্কার ও বিভিন্ন সামগ্রী দান করেন।
এদিকে মসজিদের দান থেকে পাওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার পরিমাণও উল্লেখযোগ্য। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, সর্বশেষ সরকারি ট্রেজারিতে সংরক্ষিত এসব সম্পদ গণনা করে ১৭ দেশের বৈদেশিক মুদ্রা, ১ হাজার ৪৪ ভরি স্বর্ণালঙ্কার এবং ১ হাজার ৮৮ ভরি রৌপ্যালঙ্কার পাওয়া যায়।
বর্তমানে পাগলা মসজিদের দানের অর্থ দিয়ে মসজিদ, মাদরাসা, এতিমখানা ও বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি প্রায় ১১৫ কোটি টাকা ব্যয়ে ছয়তলা আধুনিক ইসলামি কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে। এতে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা রাখার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ঐতিহাসিক এই মসজিদটি কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত। দীর্ঘদিন ধরে ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে এটি পরিচিত একটি ধর্মীয় স্থান হিসেবে পরিচিতি পেয়েছে।

এ জাতীয় আরও খবর

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী

পুতিনকে ‘খুনি’ আখ্যা দিলেন জেলেনস্কি

নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার খবর গুজব: পুলিশ

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জনগণ ও সেনাবাহিনী ঐক্যবদ্ধ: রিজভী