গণসংযোগ করা হলো না ফখরুলের
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়া থানার চারটি এলাকায় ১৪৪ ধারা জারি করার কারণে পূর্বনির্ধারিত গণসংযোগ করতে পারেননি বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। রুহিয়া থানা বিএনপি ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ একই স্থানে পৃথক কর্মসূচি দেওয়ায় আজ শনিবার সকালে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম মোল্লা ১৪৪ ধারা জারির নির্দেশ দেন। রুহিয়া চৌরাস্তা, রামনাথ বাজার, ভেলারহাট, পাটিয়াডাঙ্গী বাজার, ঢোলরহাট ও আশপাশের এলাকায় শনিবার সকাল ১০টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন। ১৪৪ ধারা জারির আওতাভুক্ত এলাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকা। সেখানে আজ তাঁর গণসংযোগ করার কথা ছিল।
পুলিশ, বিএনপি ও স্বেচ্ছাসেবক লীগ সূত্রে জানা গেছে, নির্বাচনী এলাকায় গণসংযোগ করার জন্য শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার চারটি স্থানে কর্মসূচি দিয়েছিলেন মির্জা ফখরুল। রুহিয়া থানা বিএনপি গণসংযোগের ঘোষণা দিয়েছিল। এর পাশাপাশি বর্তমান সরকারের চার বছর পূর্তি উপলক্ষে রুহিয়া থানার ৫টি ইউনিয়নে আনন্দ-শোভাযাত্রা ও আলোচনা সভার ঘোষণা দেয় থানা স্বেচ্ছাসেবক লীগ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, একই দিনে স্বেচ্ছাসেবক লীগ ও বিএনপির পক্ষ থেকে পৃথক কর্মসূচি ঘোষণা দেওয়ায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
রুহিয়া থানা বিএনপির আহ্বায়ক আনসারুল ইসলাম বলেন, মহাসচিবের শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ ভীত হয়ে পাল্টা কর্মসূচি দিয়ে প্রশাসনকে ১৪৪ ধারা জারি করতে বাধ্য করেছে।
রুহিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ হারুন বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়নের কথা ছড়িয়ে দিতে পাঁচটি স্থানে সভা ডেকেছিলাম। গণসংযোগের নামে এলাকায় অরাজকতা সৃষ্টি করতে বিএনপিও ওই সব স্থানে কর্মী জমায়েতের ঘোষণা দেয়। কিন্তু বিএনপির কারণে ১৪৪ ধারা জারি করায় আমরা কর্মসূচি স্থগিত করেছি।’
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় প্রথম আলোকে বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
এদিকে মহাসচিব মির্জা ফখরুলের গণসংযোগ কর্মসূচি পণ্ড হওয়ায় শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপি সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান অভিযোগ করে বলেন, ২০১৪ সালের সংসদ নির্বাচনের চার বছর পর বিএনপির মহাসচিব তাঁর নির্বাচনী এলাকায় গণসংযোগের কর্মসূচি দেন। কিন্তু প্রশাসন এলাকায় ১৪৪ ধারা জারি করে এই কর্মসূচি বন্ধ করে দেয়। আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের কর্মসূচি স্থগিত করা হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে বিএনপির কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।











