অজ্ঞাত রোগে আক্রান্ত বাবা-ছেলে সরকারের সহযোগিতা চান
নিজস্ব প্রতিনিধি : কৃষিকাজ করে চলে পরিবার। অজ্ঞাত রোগে মুখ বিকৃত হওয়ায় তারা স্বাভাবিকভাবেও খেতে পারেন না। চোখে দেখতেও অসুবিধা। বাইরে গেলে ভূত বা দৈত্য বলে বাচ্চারা ভয়ে দৌড়ে পালায়।
এরকমই এক বিরল রোগে আক্রান্ত হয়ে সমাজের কাছে ভূত বা দৈত্য হয়েছেন টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের শ্রীপুর গ্রামের বিল্লাল হোসেন (৫৫) ও তার ছেলে মাসুদ রানা (২০)।
ঢাকা, টাঙ্গাইলসহ বিভিন্ন জায়গায় ডাক্তার দেখালেও তাদের কী রোগ হয়েছে- এ বিষয়ে কিছুই জানাতে পারেনি চিকিৎসক। দীর্ঘদিন ধরে অজ্ঞাত এ রোগে আক্রান্ত হয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন তারা।
মঙ্গলবার সকালে বিল্লাল হোসেন যুগান্তরকে জানান, জন্ম থেকেই তার এ রোগ। প্রথমে এগুলো ছোট ছোট মসুর দানার মতো থাকলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বড় হতে থাকে। ধীরে ধীরে বিল্লালের ডান চোখের ভ্রু থেকে মুখমণ্ডল ও গালজুড়ে পুরো অংশ ছেয়ে গেছে।
তিনি জানান, বাম চোখও প্রায় ছেয়ে গেছে। কপাল, মুখ, গলদেশসহ শরীরে বিভিন্ন অংশে টিউমারের মতো অসংখ্য ডিম্বাকৃতি গুটি হয়েছে। মাংসে চোখ ছেয়ে যাওয়ায় ভালোভাবে দেখতেও পান না । আগুন বা রোদের তাপও তাদের সহ্য হয় না।
বিল্লাল হোসেন পেশায় একজন কৃষক। মা, স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে নিয়েই তার সংসার। বড় ছেলে মাসুদ রানারও জন্ম থেকেই তারই মতো একই রোগে আক্রান্ত হয়েছেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে টিউমারগুলোও বড় হচ্ছে। এ রোগের কারণে লেখাপড়া করতে পারেনি ছেলে মাসুদ রানা।
বিল্লালের বৃদ্ধা মা সুরুত জান বেগম বলেন, তাদের পূর্বপুরুষের কারও এ ধরনের রোগ ছিল না। বিল্লালের জন্মকালে চোখের ভ্রুর ওপরে ফোলা ও কালো দাগ ছিল। নাতিরও একই অবস্থা। তাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মুখ, চোখ ও মাথার মধ্যে মাংস ফুলে ওঠে ডিমের মতো টিউমার হয়। আস্তে আস্তে সেগুলো ঝুলে পড়ে।
তিনি ছেলে ও নাতির উন্নত চিকিৎসার জন্য সরকারের সহযোগিতা চান।
সরকারের সহায়তা ছাড়া তাদের উন্নত চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব নয় বলে জানান স্থানীয় ইউপি সদস্য মেজবাহ উদ্দিন।
কাকড়াজান ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ বলেন, দুর্বিষহ জীবনযাপন করা বিল্লাল হোসেন ও তার ছেলে মাসুদ রানার উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। তিনিও তাদের উন্নত চিকিৎসার জন্য সরকারের সহায়তা চান।











