বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মেন্দ্র নয়, জিতেন্দ্রকেই বিয়ে করতে চলেছিলেন হেমা মালিনী!

news-image

বিনোদন ডেস্ক :ধর্মেন্দ্র-হেমা মালিনী জুটি শুধু রিল লাইফে নয়, রিয়েল লাইফেও জনপ্রিয়৷কিন্তু বাস্তব জীবনে এই জুটি প্রায় তৈরিই হচ্ছিল না৷ মাঝে তৃতীয় পুরুষ হয়ে চলে এসেছিলেন আর এক নায়ক জিতেন্দ্র৷ এবং সম্প্রতি জানা যাচ্ছে, ধর্মেন্দ্র নয়, জিতেন্দ্রর সঙ্গেই নাকি বিয়ে হতে চলেছিল হেমা মালিনীর৷

 

ধর্মেন্দ্রর প্রেমে যখন হেমা মশগুল, তখন তাঁর উপর কড়া নজরদারি চালাতেন হেমার মা জয়া৷ ফলে লুকিয়ে চুরিয়ে প্রেম করা ছাড়া গতি ছিল না৷ জয়া চাইতেন, জিতেন্দ্রর সঙ্গে বিয়ে হোক হেমার৷ সেই মতো মেয়েকে বোঝাতেন৷ এর মধ্যেই একদিন হাওয়া হয়ে যান হেমা৷ সারাদিন উধাও থাকার পর বাড়ি ফেরেন৷ পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে, তা আঁচ করতে পারেন জয়া৷ এদিকে ধর্মেন্দ্রও জিতেন্দ্রর সঙ্গে হেমার ঘনিষ্ঠতা ভাল চোখে দেখতেন না৷ সে সময় দু’জনে পরপর বেশ কয়েকটা সিনেমা করছিল এই জুটি৷ একদিন এরকমই এক সিনেমার সেটে গিয়ে হাজির হন ধর্মেন্দ্র৷ জিতেন্দ্রকে হতবাক করে হেমাকে মেকাআপ রুমে টেনে নিয়ে যান৷ হেমার সঙ্গে জিতেন্দ্র ভাল বন্ধুত্বই ছিল৷ জিতেন্দ্রর প্রেমের কথাও জানতেন হেমা৷ কিন্তু, দু’জন দু’জনকে ভালবাসতেন, এমনটা নয়৷ ধর্মেন্দ্র বিবাহিত ছিলেন বলেই আপত্তি ছিল হেমার মা-বাবার৷ হেমার মা জোর করে তাঁকে জিতেন্দ্রর পরিবারের সঙ্গে দেখা করতে রাজি করেন৷ গররাজি হয়েও বাড়ির ইচ্ছেতেই জিতেন্দ্র সে সিদ্ধান্ত মেনে নেন৷ অনেকটা দেখাশোনা করেই বিয়ে হতে চলেছিল তাঁদের৷ প্রায় সব ঠিকঠাকও হয়ে যায়৷ সেইমতো মাদ্রাজে উড়ে যান জিতেন্দ্র ও হেমার পরিবারের লোকেরা৷

 

এই খবর সংবাদমাধ্যমে ফাঁস হতেই ধর্মেন্দ্র অবাক হয়ে যান৷ তিনি ছুটে যান জিতেন্দ্রর তখনকার প্রেমিকার বাড়িতে৷ তারপর তাঁরা দু’জন পরের উড়ানে গিয়ে পৌঁছান হেমার বাড়ি৷ সেখানে তখন এক নাটকীয় পরিস্থিতি৷ ধর্মেন্দ্রকে কিছুতেই ঘরে ঢুকতে দেবেন না হেমার বাবা৷ অন্যদিকে ধর্মেন্দ্রও অনড়৷ শেষমেশ হেমা ও ধর্মেন্দ্রর একান্ত কথোপকথনে সম্মতি দেয় পরিবার৷ বেশ খানিকক্ষণ পর তাঁরা যখন বেরিয়ে আসেন, তখন জিতেন্দ্রর পরিবার রীতিমতো অপমানিত৷ এবং হেমা মালিনীও জানিয়ে দেন, তিনি জিতেন্দ্রর সঙ্গে বিয়েতে নারাজ৷ তখনই জিতেন্দ্ররা সে স্থান ছেড়ে চলে আসেন৷ আর পরিবারের অমত থাকলেও শেষমেশ সাত পাকে বাঁধা পড়েন ধর্মেন্দ্র-হেমা৷

 

১৬ অক্টোবর জন্মদিনেই প্রকাশিত হবে হেমা মালিনীর আত্মজীবনী ‘বিয়ন্ড দ্য ড্রিম গার্ল’৷ ‘স্টারডাস্ট’ পত্রিকার প্রাক্তন সম্পাদক রাম কমল মুখোপাধ্যায়ের লেখা এ বইয়ের ভূমিকা লিখেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বইয়ের অংশবিশেষেই মিলল এই চাঞ্চল্যকর ঘটনার কথা৷