বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জন্মদিনে ছেলের সঙ্গেই কাটাবেন অপু বিশ্বাস

news-image

বিনোদন প্রতিবেদক : বগুড়ার কাটনার পাড়ার সেই ছোট্ট মেয়েটিই আজকের অপু বিশ্বাস। বুলবুল ললিতকলা একাডেমি এবং পরবর্তীকালে বগুড়ার ‘আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র পলাশের কাছ থেকে নিজেকে নাচে পারদর্শী করে তোলেন। যখন লাক্স-চ্যানেল আই প্রতিযোগিতায় নাম লেখানোর জন্য কিছু ছবি তুললেন, সেই ছবিই বগুড়ার সন্তান অভিনেতা আহসানুল হক মিনুর হাত ধরে চলে যায় বরেণ্য নির্মাতা আমজাদ হোসেনের কাছে। দেখেই পছন্দ হয়ে যায় অপু বিশ্বাসকে।

‘কাল সকালে’ চলচ্চিত্রে শাবনূরের বান্ধবী এবং পরবর্তীকালে সুুভাষ দত্তের ‘ও আমার ছেলে’ চলচ্চিত্রে অভিনয় করেন। কিন্তু কাল সকালে চলচ্চিত্রে অভিনয় দেখে ভালো লেগে যায় নির্মাতা এফআই মানিকের। অপু অভিনয় করেন এই পরিচালকের ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রে। বিপরীতে শাকিব খান। মুক্তির পর এই চলচ্চিত্র দিয়েই রাতারাতি তারকাখ্যাতি পান অপু বিশ্বাস। না, আর পেছনে ফিরে তাকাতে হয়নি। শাকিব খান আর অপু বিশ্বাসই পরবর্তী সময়ে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত জুটিতে পরিণত হন। বহু দর্শকপ্রিয় এবং ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়েছেন শাকিব খান ও অপু বিশ্বাস জুটি। বাস্তব জীবনেও তারা জুটি। তাদের একমাত্র সন্তানের নাম আব্র্রাম খান জয়। গেল ২৭ সেপ্টেম্বর ছিল জয়ের জন্মদিন। আর আজ অপু বিশ্বাসের জন্মদিন। জন্মদিন নিয়ে কোনো পরিকল্পনা নেই তার।

তবে অপু বলেন, ‘সত্যিই বিশেষ কোনো পরিকল্পনা নেই জন্মদিন নিয়ে। তবে দিনের কোনো একটি সময় আমি আমার আদরের সন্তান জয়কে নিয়ে কোথাও যাব, মা ও ছেলে একসঙ্গে কোথাও সময় কাটাব, খাওয়া-দাওয়া করব। নিজের জন্মদিনে এর আগেও আমি তেমন কোনো সেলিব্রেট করিনি। একবার শুধু পরিচালক সাফি উদ্দিন সাফি ভাই বিশেষভাবে আয়োজন করেছিলেন। আমি সব সময়ই মনে করি জন্মদিনে আমার ভক্ত-দর্শকের শুভেচ্ছা, ভালোবাসাই আমার জন্য অনেক বড় উপহার। সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালো থাকি, সুস্থ থাকি। আমার ক্যারিয়ারের আজকের পর্যন্ত যারাই আমার পাশে ছিলেন সব সময় তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’

এদিকে অপু বিশ্বাস এরই মধ্যে ‘পাঙ্কু জামাই’ চলচ্চিত্রের শুটিং করেছেন গাজীপুরের পূবাইলে শাকিব খানের শুটিং বাড়িতে। শিগগিরই অপু এই চলচ্চিত্রের ডাবিংয়ের কাজ শেষ করবেন। উল্লেখ্য, অপু বিশ্বাস শিবলী নিপার প্রতিষ্ঠান ‘নৃত্যাঞ্চল’-এও বেশ কিছুদিন নাচ শিখেছেন।