বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাইয়ুমের পেটানোতে সাগরের মৃত্যু: আক্কাসের স্বীকারোক্তি

news-image

নিউজ ডেস্ক : মৎস্য হ্যাচারির কর্মচারী কাইয়ুমের পেটানোতে কিশোর সাগর মিয়া মারা গেছে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে ঘটনার মূলহোতা আক্কাস আলী।

রিমান্ডের তৃতীয় দিন মঙ্গলবার এই স্বীকারোক্তি দেন মামলার প্রধান আসামি আক্কাস।কাইয়ুমকেও গ্রেফতারে চলছে অভিযান।

গত শুক্রবার ভোরে মোবাইলফোনে আড়ি পেতে আক্কাসকে ভৈরব থেকে গ্রেফতার করে র‌্যাব-১৪।

পরে শনিবার জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাফিজ আল আসাদের বিশেষ বিচারিক আদালতে হাজির করে আক্কাসের ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পরিমলচন্দ্র দাস।

আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা পরিমলচন্দ্র দাস জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মোবাইলে ছড়িয়ে যাওয়া ভিডিও ফুটেজে কাইয়ুমের নির্মমভাবে পেটানোর প্রমাণ পাওয়া গেছে। গ্রেফতারকৃত ঘটনার মূলহোতা আক্কাসও জিজ্ঞাসাবাদের তৃতীয় দিনে স্বীকার করেছে কাইয়ুমের বেধড়ক পেটানোতেই কিশোর সাগর মিয়া মারা যায়।

প্রত্যক্ষদর্শী আয়শা আক্তারের বর্ণনায়, সাগর পানি চাইলে পানি খেতে দেয়নি কাইয়ুম। সে পার্শ্ববর্তী তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের বাথুয়াদী মলামারা গ্রামের আবদুল হেকিমের ছেলে। ঘটনার পরপরই কাইয়ুম মিয়া পালিয়ে যায়।

গোয়েন্দা পুলিশ ও র‌্যাবের অভিযানের ভয়ে তার বাবা আবদুল হেকিম, মা মেহেরুন নেছা ও অপর ৬ ভাইও পলাতক।

এদিকে সোমবার যে পাম্প চুরির অপবাদে সাগরকে পিটিয়ে হত্যা করা হয় সেই পাম্প উদ্ধার করেছে ময়মনসিংহের গোয়েন্দা পুলিশ ডিবি।

সাগর হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত আক্কাস আলী ও ভিডিও-স্থির ছবি দেখে ফজলুর রহমান ও রিয়াজ উদ্দিন রিজু নামের ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

২৫ সেপ্টেম্বর গৌরীপুরের চরশ্রীরামপুর গাউছিয়া মৎস্য প্রজনন হ্যাচারির মালিক আক্কাস আলী ও তার হ্যাচারির কর্মচারী কাইয়ুমসহ চার-পাঁচজন মিলে পানি উত্তোলনের মোটর পাম্প চুরির অপবাদ দিয়ে কিশোর সাগরকে খুঁটিতে ও গাছে বেঁধে নির্মমভাবে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে।

এ ঘটনার পরদিন নিহতের বাবা শিপন মিয়া বাদী হয়ে হ্যাচারির মালিক আক্কাস আলী, তার ভাই জুয়েল মিয়া, হাসু, সোহেল, সাত্তার এবং হ্যাচারির কর্মচারী কাইয়ুমের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তভার দেয়া হয় ময়মনসিংহ গোয়েন্দা পুলিশকে (ডিবি)।