শেরপুরে পুলিশি পাহারায় সেই যুবকের সৎকার সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের নির্যাতনে বিশ্বজিৎ চন্দ্র দে (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। ময়নাতদন্তের পর সোমবার রাতে পুলিশি পাহারায় পৌর শহরের মহাশ্মশানে ওই যুবকের সৎকার সম্পন্ন হয়েছে।
নিহত বিশ্বজিৎ পৌর শহরের কাচারী পাড়া মহল্লার মৃত বিধান সরকারের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রী।
পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতিয়ার রহমান ও সুমন মিয়ার নেতৃত্বে বিশ্বজিৎ চন্দ্রকে গাঁজা পাওয়ার অভিযোগে আটক করে পুলিশ। পরে এলাকাবাসী ও স্থানীয় নেতাকর্মীদের অনুরোধে এবং বিশ্বজিতের পরিবার মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নেয়। এরপর বাসায় যাওয়ার কয়েক ঘণ্টা পর রহস্যজনকভাবে মারা যায় বিশ্বজিৎ।
পরিবারের দাবি, বিশ্বজিৎকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এরই প্রেক্ষিতে, সোমবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিক্ষুব্ধ জনতা টায়ার জ্বালিয়ে পৌর শহরের উত্তর বাজারের সড়ক অবরোধ করে রাখে। এতে যান চলাচল ও দোকানপাট বন্ধ হয়ে যায়।পরে পুলিশ ও স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
নিহত যুবকের বড় বোন শিউলী দে বলেন, আমার ভাইকে পুলিশ অন্যায়ভাবে ধরে নিয়ে নির্যাতন করেছে। এতেই সে মারা গেছে। এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। এটা হত্যা। আমরা এর বিচার চাই।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ওসি ফসিহুর রহমান বলেন, বিশ্বজিৎকে ৫০-৬০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে রবিবার রাত ১০টার দিকে তার পরিবার মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নেয়। এসময় সে পুরোপুরি সুস্থ ছিল। এমনকি তাকে কোনো প্রকার জিজ্ঞাসাবাদ ও নির্যাতন করা হয়নি।











