৫ মাস বন্ধ পর আশুগঞ্জ-সিরাজগঞ্জ জাতীয় গ্রীডে বৈদ্যতিক সংযোগ চালু
বিশেষ প্রতিনিধি : কালবৈশাখি ঝড়ে বিধ্বস্ত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-সিরাজগঞ্জ ২৩০ কেভি জাতীয় গ্রিড লাইনের ক্ষতিগ্রস্ত বৈদ্যতিক দুটি টাওয়ারের মেরামত কাজ শেষ হয়েছে। দীর্ঘ ৫ মাস বন্ধ থাকার পর মঙ্গলবার মধ্য রাত থেকে আশুগঞ্জ-সিরাজগঞ্জ জাতীয় গ্রিড লাইনের একটি অংশের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ শুরু রয়েছে। আশুগঞ্জ পাওয়ার স্টেশনের বিভিন্ন ইউনিট ও বেসরকাররি বিদ্যুৎ কেন্দ্র গুলোতে পুরো ক্ষমতায় চালু করা হয়েছে বিদ্যুৎ উৎপাদন। দীর্ঘ ৫ মাস পর সিরাজগঞ্জ ও পাশের জেলায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা স্বাভাবিক হয়েছে।
বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি বিভাগ সূত্রে জানা গেছে, গত পহেলা মে রাত ১০টায় আধাঘণ্টার প্রচণ্ড ঝড়ে আশুগঞ্জ-সিরাজগঞ্জ জাতীয় গ্রিড লাইনের ভৈরব উপজেলার কালিপুর গ্রামে অবস্থিত উচ্চ ক্ষমতা সম্পন্ন টাওয়ারটি ভেঙে যায়। আশুগঞ্জ উপজেলার চর সোনারামপুরের অপর একটি টাওয়ারের ক্রসআর্ম ভেঙে গ্রিড লাইনের তার মেঘনা নদীতে পড়ে যায়। দীর্ঘ ৫ মাসে বিধ্বস্ত টাওয়ার দুটি মেরামত শেষ করে মঙ্গলবার দিবাগত মধ্যরাত ১টায় একটি সার্কিট দিয়ে উক্ত গ্রিড লাইনে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে। উক্ত লাইন দিয়ে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র থেকে বর্তমানে ২‘শ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ নেয়া হচ্ছে। সম্পূর্ণ কাজ শেষ করে ৫ অক্টোবর থেকে অপর সার্কিটটি চালু হলে আশুগঞ্জ-সিরাজগঞ্জ জাতীয় গ্রিড লাইন দিয়ে ২৫০ থেকে ৩‘শ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ নেয়া সম্ভব হবে।
এ ব্যাপারে পাওয়ার গ্রিড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাসুম আল বেরুনী জানান, ক্ষতিগ্রস্ত দুটি টাওয়ার মেরামত শেষে আশুগঞ্জ-সিরাজগঞ্জ জাতীয় গ্রিড লাইনে বুধবার রাত ১টায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে। বর্তমানে এই লাইনের একটি সার্কিট দিয়ে ২‘শ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে। অপর সার্কিটটি আগামী অক্টোবর চালু হলে ২৫০ থেকে ৩‘শ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ নেয়া সম্ভব হবে।
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাজ্জাদুর রহমান জানান, আশুগঞ্জ-সিরাজগঞ্জ জাতীয় গ্রিড লাইনের টাওয়ার বিধ্বস্ত হওয়ার কারণে চালু বিভিন্ন ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হ্রাস করা হয়েছিল। আশুগঞ্জ-সিরাজগঞ্জ জাতীয় গ্রিড লাইন সচল হওয়ায় আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের সচল সবক‘টি ইউনিটে ও বেসরকারি ইউনিট গুলোতে পুরো ক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন চালু করা হয়েছে।
উল্লেখ্য, ২টি টাওয়ার বিধ্বস্ত হওয়ায় গত ১ মে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি থেকে আশুগঞ্জ-সিরাজগঞ্জ জাতীয় গ্রিড লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আশুগঞ্জ পাওয়ার স্টেশনসহ বিভিন্ন বেসরকারি বিদ্যুৎ ইউনিট গুলোতে ২‘শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হ্রাস করা হয়। পরে দীর্ঘ ৫ মাস বিকল্প ব্যবস্থায় আশুগঞ্জ-ঘোড়াশাল-ইশ্বরদী গ্রিড লাইন দিয়ে সিরাজগঞ্জসহ আশে পাশের জেলায় আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু রাখা হয়।











