বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে সফল আ.লীগ, আসছে ত্রাণ

news-image

নিজস্ব প্রতিবেদক ::রোহিঙ্গা ইস্যুতে চীনকে পাশে পেতে দেশটিতে সফর করছেন আওয়ামী লীগের ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল। নেতৃত্ব দিচ্ছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান। সফররত নেতারা চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ভাইস মিনিস্টার লি জুনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তারা উজ্জ্বল সফলতাও পেয়েছেন।

অবশেষে চীন তাদের মত পরিবর্তন করে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে। এমনকি আগামী ২৭ সেপ্টেম্বর রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ পাঠাবে বলেও জানিয়েছে চীন।

বৈঠক শেষে আওয়ামী লীগের আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের জানান, রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য আওয়ামী লীগের ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে আসে। সোমবার (২৫ সেপ্টেম্বর) চীনের রাজধানী বেইজিংয়ে নেতাদের সঙ্গে বৈঠক করেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ভাইস মিনিস্টার লি জুন।

বৈঠকে চলমান রোহিঙ্গা সংকটের কথা বিস্তারিতভাবে চীনের নেতাদের সামনে তুলে ধরেন ফারুক খান ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মণি। সেই সঙ্গে রোহিঙ্গাদের ওপর পরিচালিত বর্বর নিপীড়ন, নির্যাতন বন্ধ করার জন্য চীন সরকারে সহযোগিতা কামনা করেন তারা। একপর্যায়ে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য চীন সরকারকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

জবাবে চীনের ভাইস মিনিস্টার লি জুন বলেন, তারা রোহিঙ্গা সংকট সম্পর্কে এবং রোহিঙ্গা শরণার্থীদের সমস্যা সম্পর্কে সম্পূর্ণ অবগত রয়েছেন। এ সমস্যা শান্তিপূর্ণ উপায়ে স্থায়ী সমাধানের জন্য মিয়ানমার সরকারকে তারা বলেওছেন।

বৈঠকে লি জুন আরো বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের মানবিক আচরণের প্রতি তাদের সম্মান রয়েছে। এ কারণে তারা প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রতি সম্মান জানিয়ে আগামী ২৭ সেপ্টেম্বর বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ পাঠাবে। ত্রাণের মধ্যে থাকবে কম্বল ও তাঁবু।

 

আওয়ামী লীগের প্রতিনিধি দল
বিপ্লব বড়ুয়ার আরো জানান, চীন তাদের সহায়তা চলমান রাখবে। একই সঙ্গে তারা জানিয়েছে রোহিঙ্গা শরণার্থীরা যাতে নিরাপত্তা নিয়ে এবং তাদের মর্যাদার সঙ্গে মিয়ানমার ফিরে যেতে পারে এ জন্য তারা আন্তরিকভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইতিবাচক ভূমিকা রাখবে।

লি জুনের সঙ্গে বৈঠকে অন্যদের মধ্যে অংশ নেন- আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য অসীম কুমার উকিল, আফজাল হোসেন, শ ম রেজাউল করিম, দেলোয়ার হোসেন, ড. শাম্মী আহমদ, নির্বাহী সদস্য নজিবুল্লাহ হিরু, রিয়াজুল কবির কাওসার, দীপংকর তালুকদার, উপাধ্যক্ষ রেমণ্ড আরেং ও সংসদ সদস্য হাবিবে মিল্লাত।

প্রসঙ্গত, চীন এবং ভারত বাংলাদেশের বন্ধু দেশ হয়েও রোহিঙ্গা ইস্যুতে তারা নীরব ভুমিকা পালন করছিল। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা প্রতিনিধি দল দেশ দুটিতে পাঠান। তারা বাংলাদেশের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে। এমনকি রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে মায়ানমারকে চাপ দিবে বলেও আশ্বাস দিয়েছে।