সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গামায়ের সবকিছুতেই আমি মুগ্ধ : মিম

news-image

বিনোদন প্রতিবেদক : ‘ছোটবেলায় দুর্গাপূজার দশমীর দিন খুব মন খারাপ হতো। যখন ঢাক-ঢোলের গানের আওয়াজ বন্ধ হতো, তখন চারপাশ অন্ধকার লাগত। এখনো কিন্তু দশমীর দিন মন খারাপ হয়।’ কথাগুলো বলেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

খুব ছোটবেলা থেকেই মামার বাড়ি রাজশাহীতে দুর্গাপূজা পালন করেন মিম। এমনকি তারকা হওয়ার পরও মিম তাঁর মা-বাবা ও একমাত্র বোনের সঙ্গে রাজশাহীতে পূজা করেন। গত দুই বছর শুধু মামার বাড়িতে পূজা করতে পারেননি তিনি। ছবির শুটিং ও প্রচারণার কারণে একবার কলকাতা ও একবার ঢাকায় মিমকে দুর্গাপূজা করতে হয়েছিল। তবে এবার দুই বছর পর আবারও মিম তাঁর মামার বাড়িতে দুর্গাপূজা পালন করতে যাবেন। প্রস্তুতি নেওয়া শেষ।

কবে যাবেন—প্রশ্ন করলে উত্তরে মিম বলেন, ‘২৭ সেপ্টেম্বর ঢাকা থেকে হেলিকপ্টারে রাজশাহীতে সপরিবারে আমরা যাব। আমি তো এখন থেকেই অনেক রোমাঞ্চিত।’

তবে তারকা হওয়ার পরে মিমের পূজাপালনে এসেছে ভিন্নতা। বললেন, “আগে মামাবাড়িতে দুর্গাপূজার সময় গেলে সব জায়গায় ঘুরে বেড়াতাম। সব আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতাম। পূজামণ্ডপে যেতাম। আর এখন ঘটনা হয়েছে উল্টো। আমাকে দেখার জন্য অনেক ভিড় হয়। দূর-দূরান্ত থেকে মানুষ আমাকে দেখতে আসেন। এমনও হয়েছে, সারা দিন ক্লান্তিহীনভাবে সবার সঙ্গে কথা বলেছি, ছবি তুলেছি। সবার কথার সারমর্ম একই থাকে। সবাই ভালোবাসে, এটা ভেবেই আনন্দ হয়। যদিও তাঁদের বুঝতে দিই না যে আমিও তো মানুষ। সারাক্ষণ একের পর এক ছবি তুলে কথা বলা কি আমার পক্ষে সম্ভব! তবে আগের দিনে কাটানো পূজাগুলো অনেক বেশি মিস করি আমি।’

পূজামণ্ডপে এখন মিম গেলে ভিড় অনেক বেড়ে যায়। এ জন্য পরিবারের সবাই অনেক সময় মিমকে বাড়িতে একা রেখে পূজামণ্ডপে চলে যান। এ বিষয়ে মিম এককথায় বললেন, ‘এ ছাড়া আর কিছু করার নেই তো! (হাসি)’

এবার পূজার কেনাকাটা এখনো করতে পারেননি মিম। বললেন, ‘কিছুদিন আগে ওমানে একটি শো করার জন্য গিয়েছিলাম। তখন মাকে সঙ্গে নিয়ে অনেক কেনাকাটা করেছি। তবে সব ওয়েস্টার্ন ড্রেস কেনা হয়েছে। কিন্তু পূজায় আমি সালোয়ার-কামিজ কিংবা শাড়ি পরি। এখনো শাড়ি কেনার সময় পেলাম না।’

নিজের জন্য কেনাকাটা করার সময় না পেলেও আত্মীয়স্বজন ও কাজিনদের জন্য কেনাকাটা করেছেন বলে জানান মিম। মিম বলেন, ‘মা এবং আমি পছন্দ করে সবার জন্য শপিং করেছি। কিন্তু নিজের জন্য এখনো কেনাকাটা করতে পারলাম না। হয়তো এরই মধ্যে কেনার চেষ্টা করব।’

দুর্গামায়ের ভক্ত মিম বললেন, ‘দুর্গামায়ের সবকিছুতেই আমি মুগ্ধ। কারণ, দুর্গামা কারো কাছে দায়বদ্ধতা নিয়ে পড়ে থাকেননি। অনেক আত্মনির্ভরশীল। অন্যায়ের প্রতিবাদ সব সময় করেছেন দুর্গামা।’

দুর্গাপূজা উপলক্ষে কলকাতায় মিম অভিনীত ‘ইয়েতি অভিযান’ ছবিটি মুক্তি পেয়েছে। ছবিটি দেখে কলকাতার দর্শকের কাছ থেকে ভালো প্রতিক্রিয়া পেয়েছেন বলে জানান মিম। এ বিষয়ে তিনি বলেন, ‘ছবিটি হলে বসে দেখার ইচ্ছা ছিল, কিন্তু কলকাতায় যাওয়া হলো না। এরই মধ্যে সময় বের করে যেতেও পারি। মেসেঞ্জারে ওখানকার দর্শকরা আমার অভিনয়ের প্রশংসা করছেন। আমার অভিনয় সবার ভালো লেগেছে। এটা জেনে তৃপ্তি পাচ্ছি।’

নিজের অভিনীত ‘ইয়েতি অভিযান’ ছবিটি না দেখতে পেলেও সম্প্রতি কলকাতার ‘পোস্ত’ ছবিটি দেশের প্রেক্ষাগৃহে বসে দেখেছেন মিম। ছবি দেখার অভিজ্ঞতা প্রসঙ্গে বললেন, ‘অনেক দিন পর অসাধারণ একটা ছবি দেখলাম। ছবি দেখে অনেক কেঁদেছি। আমার মা কেঁদেছেন। এ ছাড়া হলের সবাইকে কাঁদতে দেখেছি। ছবিতে একজন অভিনেত্রীকে উকিলের চরিত্রে অভিনয় করেছেন। আমি তো তাঁর অভিনয়ের প্রেমে পড়ে গিয়েছি।’

উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হবো’ ছবির একটি আইটেম গানের শুটিং এফডিসিতে করছেন তিনি আজ। টানা তিন দিন শুটিং করবেন তিনি। আগামীকাল তাঁর সঙ্গে ছবির শুটিংয়ে অংশ নেবেন ছবির নায়ক শাকিব খান। এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা