রোহিঙ্গাদের দ্রুত প্রত্যর্পণের ব্যবস্থা করতে হবে
নিজস্ব প্রতিবেদক : মানবিক দৃষ্টিবোধের জায়গা থেকে দেশে আসা নির্যাতিত রোহিঙ্গাদের আপাতত আশ্রয় দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান হলেন জিএম কাদের। একই সঙ্গে প্রতিবেশী দেশ ও আঞ্চলিক সংস্থাকে কাজে লাগিয়ে রোহিঙ্গা সমস্যার সমাধান করে দ্রুত তাদের রাখাইনে প্রত্যর্পণের ওপর জোর দিয়েছেন তিনি।
শনিবার ইস্ট-ওয়েস্ট মিডিয়ার কনফারেন্স কক্ষে ‘রোহিঙ্গা সংকটের শেষ কোথায়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। দেশের আলোচিত এই ইস্যুটি নিয়ে বৈঠকের আয়োজন করে দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বেসরকারি টিভি চ্যানেল নিউজটোয়েন্টিফোর।
মিয়ানমার সরকারের অভিযোগের প্রেক্ষিতে জিএম কাদের বলেন, রোহিঙ্গাদের মধ্যে কেউ যদি সহিংসতা জড়িত থাকে তবে তার জন্য পুরো জাতি তো নির্যাতিত হতে পারে না। তিনি বলেন, কোনো এক স্বার্থ হাসিলের জন্য তারা রোহিঙ্গাদের দেশ ছাড়তে বাধ্য করছে। তাঁর মতে, প্রতিবেশী দেশগুলো কোনো চাপ প্রয়োগ না করায় দিনের পর দিন তারা এই ধরণের নির্যাতন অব্যাহত রেখেছে। একই সঙ্গে বাংলাদেশ সরকার বিভিন্ন ঝুঁকি নিয়ে যে তাদের আশ্রয় দিয়েছে এবং খাবার দিচ্ছে এটা সত্যি প্রশংসার দাবিদার।
বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামের সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, সাংসদ মঈন উদ্দীন খান বাদল, অধ্যাপক ড. মীজানুর রহমান, অধ্যাপক মাকসুদ কামাল, অধ্যাপক ড. জিয়া রহমান, অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান, অধ্যাপক ড. জিনাত হুদা, অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, আবুল হাসান চৌধুরী, ওয়ালিউর রহমান, ইনাম আহমেদ, নজরুল ইসলাম, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার, মেজর (অব.) আখতারুজ্জামান, স্থপতি মোবাশ্বির হোসেন, ড. বদিউল আলম মজুমদার, কর্নেল (অব.) জাফর ইমাম প্রমুখ।











