‘অনুমতি ছাড়া নায়করাজকে নিয়ে বই প্রকাশ করা যাবে না’
বিনোদন প্রতিবেদক : অনুমতি ছাড়া কেউ কিংবদন্তি অভিনেতা নায়করাজকে নিয়ে বই প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে রাজ্জাকের পরিবার। গতকাল কয়েকটি গণমাধ্যমে সদ্য প্রয়াত এই অভিনেতা ও পরিচালকের জীবনী নিয়ে বই প্রকাশ সংক্রান্ত সংবাদের প্রতিবাদ জানিয়ে এ কথা বলেছেন নায়করাজের ছোট তনয় খালিদ হোসেন সম্রাট। গত ২১ আগস্ট চলচ্চিত্রের প্রবাদপুরুষ নায়করাজ রাজ্জাক পরপারে চলে যান। এখনো তার পরিবারে চলছে শোকের মাতম। কিন্তু এরইমধ্যে কেউ কেউ নায়করাজের জীবনী নিয়ে বই প্রকাশেরও উদ্যোগ নিয়েছেন। চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ এই কিংবদন্তির জীবনী নিয়ে আগামী একুশে বই মেলায় একটি বই প্রকাশ করতে যাচ্ছেন বলে কয়েকটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
এছাড়া বিচ্ছিন্নভাবে আরো বেশ ক’জন নায়করাজকে নিয়ে বই প্রকাশের উদ্যোগ নিচ্ছেন বলে জানা গেছে। বিষয়টি ভালো চোখে দেখছেন না প্রয়াত এই অভিনয়শিল্পীর পরিবার। এ প্রসঙ্গে সম্রাট বলেন, ‘আমরা রাজ্জাক পরিবার বা আমাদের মধ্য থেকে কেউই আব্বাকে নিয়ে কোনো বায়োগ্রাফি লিখবার অনুমতি দেইনি কাউকে। আমাদের অনুমতি ছাড়া নায়করাজকে নিয়ে বই প্রকাশ করা যাবে না। আব্বা জীবিত থাকতে তার সঙ্গে দু’একজন এ নিয়ে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ঠিক আছে তৈরী করে আমাকে আগে দেখাও। এছাড়া আমার জানা মতে কোনোরকম চূড়ান্ত অনুমতি কাউকেই দেয়া হয়নি।
সুতরাং কেউ বা কোনো প্রকাশনী রাজ্জাক পরিবারকে অবগত না করে, অনুমতি ছাড়া তাকে নিয়ে বায়োগ্রাফি প্রকাশ করলে আমরা তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিবো। অনেকেই হঠাৎ করে আব্বাকে নিয়ে বায়োগ্রাফিক্যাল লেখা প্রকাশের জন্য ব্যস্ত হয়ে উঠেছেন, আমি বুঝতে পারছি না তারা কারা। আমি আমার আব্বার সবরকম কাজের সাথে যুক্ত ছিলাম। তিনি কখন কোথায় কী করবেন, না করবেন, যেখানে যাবেন তার নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে, কখন যাবেন, কখন ফিরবেন-সবকিছু আমিই সিদ্ধান্ত নিতাম। তাই আব্বার সবকিছুই ছিলো আমার জানার মধ্যেই। তাই তার বায়োগ্রাফি লেখার জন্য কাউকে তিনি অনুমতি দিয়েছেন বলে এমন কোনো তথ্য আমার কাছে নেই।’ প্রসঙ্গত, ২১ আগস্ট সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে না ফেরার দেশে পাড়ি দেন নায়করাজ রাজ্জাক।











