রূপার হত্যাকারীদের পক্ষে লড়বেন না, আইনজীবীদের স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আইনজীবীদের উদ্দেশে বলেছেন, ‘রূপার ধর্ষক ও হত্যাকারীদের পক্ষে লড়বেন না।’
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করার সময় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘তাড়াশের গ্রামের দরিদ্র ঘরের মেয়ে রূপা জীবিকা নির্বাহের জন্য সংগ্রামী জীবনকে বেছে নিয়েছিল। ওর ওপরই নির্ভর করত দরিদ্র পরিবারটি। এই সম্ভাবনাময় তরুণীকে ধর্ষণের পর নৃশংসভাবে যারা খুন করেছে, তারা পশুর চাইতেও অধম। এদের হয়ে আইনি লড়াই না চালানোর জন্য সকল আইনজীবীর প্রতি আমি অনুরোধ করছি।’
রূপার ছোট বোনকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ঈদের আগের দিন আমি ওর বাসায় গিয়ে দেখেছি একটি পাশবিক ঘটনা কীভাবে একটি পরিবারের ঈদের আমেজকে তছনছ করে দিতে পারে।’
মোহাম্মদ নাসিম বলেন, ‘সরকারের মেয়াদের শেষ বছরে স্বাস্থ্য খাতের দৃশ্যমান সাফল্য অর্জনে সংশ্লিষ্ট সকলকে আরো নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে। সরকারের রাজনৈতিক অঙ্গীকার পূরণের জন্য চলমান অর্থবছর খুবই তাৎপর্যপূর্ণ।’ এই অর্থবছরে গৃহীত প্রকল্পগুলো দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করে স্বাস্থ্য খাতে সরকারের প্রতিশ্রুতি পূরণে কাজ করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
ঈদুল আজহার ছুটির সময় হাসপাতালগুলো এবং বন্যার্ত এলাকায় চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রাখায় চিকিৎসক ও নার্সদের প্রতি ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকারের উন্নয়ন কর্মসূচির সফল বাস্তবায়নে চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মচারীদের ঐকান্তিক দায়িত্ববোধ ব্যাপক অবদান রাখতে পারে।’
সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক মো. আসাদুল ইসলামসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











