বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় বাসের চাপায় সিএনজিচালিত একটি অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজন আহত হয়। শুক্রবার রাত পৌনে আটটার দিকে দাউদকান্দি উপজেলার কানড়ায় এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার রাত পৌনে আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কানড়া ঈসা খাঁ সিএনজি ফিলিং স্টেশন সংলগ্ন গ্রামীণ কাঁচা সড়কে ঢাকা থেকে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চালক কুমিল্লার তিতাস উপজেলার কানাইনগর গ্রামের রানা মিয়া (৩০), অটোরিকশার যাত্রী দাউদকান্দি উপজেলার সরকাপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে সোহেল মিয়া (৩৫) ও অজ্ঞাতনামা পুরুষ (৪০) মারা যান ।

এ দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর গ্রামের ইব্রাহিম খলিল, দাউদকান্দি উপজলার পেন্নাই গ্রামের অহিদুল ইসলাম , মোতালেব হোসেন , নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া গ্রামের কবির হোসেন ও সিরাজুল ইসলাম আহত হন। আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জামাল উদ্দিন বলেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বাসটি আটক করা হয়েছে।